Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিবগঞ্জে ৫৭৭ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৬ ১৫:২০

উদ্ধার হওয়া নেশাজাতীয় সিরাপ।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে পৃথক দু’টি অভিযানে ৫৭৭ বোতল নেশাজাতীয় সিরাপ ও একটি প্রাইভেটকারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৪ এপ্রিল) গভীর রাতে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, প্রথম অভিযানে সোনামসজিদ বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১৮৫/২-এস-এর কাছাকাছি শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে একটি প্রাইভেটকারের গতিরোধ করে। এ সময় নওগাঁ জেলার মান্দা উপজেলার শামুকখোল গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ আল-আরাফাত শুভ (২৬) ২৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক হন। একইসঙ্গে একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

বিজ্ঞাপন

একই রাতে সীমান্ত পিলার ১৮৫/১৫-এস-এর কাছাকাছি বালিয়াদিঘী গ্রামের গণকবরসংলগ্ন দিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ৫৪৯ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করে বিজিবি। এ সময় মাদক চক্রের সদস্যরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

আটক ব্যক্তি ও জব্দ করা মালামালের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, গত তিন মাসে এ ব্যাটালিয়ন সীমান্তে অভিযান চালিয়ে ১৩ জন আসামিসহ প্রায় সাড়ে চার হাজার বোতল বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর