Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও গ্রামীণ মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৬ ২১:১৬

পিঠে বড়শি বিঁধিয়ে ঘোরানোর সময়কার চিত্র।

রাজবাড়ী: জেলার গোয়ালন্দ উপজেলার কাঁটাখালীতে চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে শত বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী কাটাখালী গ্রামের প্রেমচরণ ফকিরের বাড়ির পাশের মাঠে এই পূজা ও মেলার আয়োজন করা হয়। চৈত্র মাসের শেষ দিনে (পঞ্জিকা মতে) প্রতি বছরই এ চড়ক পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।

বিকেলে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। দূর-দূরান্তসহ স্থানীয় বিভিন্ন এলাকা থেকে হাজারও মানুষ এ চড়ক পূজা ও মেলা দেখতে ভিড় করেন।

পূজা উপলক্ষ্যে মাঠে বসে বিশাল গ্রামীণ মেলা। সেখানে নাগরদোলা, চরকি, মুখরোচক খাবারসহ বিভিন্ন দোকান বসে। দিনভর চলে উৎসবমুখর পরিবেশ।

বিজ্ঞাপন

মেলায় আসা দর্শনার্থী বিপ্লব সাহা বলেন, ‘আমি প্রতি বছর এই চড়ক পূজা ও মেলা দেখতে আসি। শরীরের মধ্যে বড়শি বিঁধিয়ে চরকিতে ঘোরার বিষয়টি শুনলেই গা শিউরে ওঠে। এই খেলা অনেক এলাকায় হয়না। আমার বাসা রাজবাড়ী সদরে, সেখানে এমন উৎসব হয় না। তাই পরিবারের সবাইকে নিয়ে এখানে এসেছি।’

আরেক দর্শনার্থী লাভলি দত্ত বলেন, ‘পরিবারের সবাইকে নিয়ে প্রতিবছর এখানে আসি। পিঠে বড়শি বিঁধিয়ে বেশ কয়েক বার ঘোরানো হয়। এটা অবাক করার মতো বিষয়।’

স্থানীয় বাসিন্দা মো. ইব্রাহিম বলেন, ‘এই পূজাটা এখানে অনেক বছর ধরে হয়ে আসছে। এখানে সব ধর্মের মানুষেরাই আসে। প্রতিবছর প্রচুর লোক আসে এই চড়ক পূজা দেখতে, মেলা দেখতে।’

চড়ক পূজা কমিটির সভাপতি বাবলু বিশ্বাস বলেন, ‘এই পূজাটি প্রায় ২০০ বছর ধরে হচ্ছে। এখানে মেলা হচ্ছে প্রায় ৪০ বছর ধরে। রাতে হাজরা পূজা হয়েছে, সকালে নীল পূজা ও গঙ্গা পূজা হয়েছে, বিকেলে চড়ক পূজা ও বান পূজা হয়েছে। এরপর পিঠে বড়শি বিঁধিয়ে ঘোরানো হয়েছে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর