টাঙ্গাইল: টাঙ্গাইলে নতুন বাংলা বছর ১৪৩৩-এর পয়লা দিনে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তিনি টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণ করেন।
এ সময় তিনি স্থানীয় ১৫ জন কৃষক-কৃষাণীর হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন। সেইসঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ১১টি উপজেলায় এ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘প্রথম ধাপে সারাদেশের ১০টি জেলার ১১টি উপজেলায় প্রায় ২১ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হবে। আগামী পাঁচ বছরে দেশে ২ কোটি ৭৫ লাখ কৃষককে কৃষি কার্ড প্রদান করা হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং বিশ্বখাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি জিয়াকুন শী। এ সময় কৃষক কবির হোসেন ও কৃষাণী জুলেখা বেগমও বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শহরের পৌর উদ্যানে কৃষিমেলার উদ্বোধন করবেন। এরপর মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানির মাজার জিয়ারত করবেন তিনি।