কক্সবাজার: কক্সবাজার শহরে এনজিওর কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীকে হত্যা করার অভিযোগে রবিউল হোসাইন ওরফে রবি (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টার দিকে নিহতের পরিবার থানায় অভিযোগ করে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগ পাওয়ার পরপরই কক্সবাজার সদর মডেল থানার একটি দল অভিযান শুরু করে। পরে দুপুর দেড়টার দিকে ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরীপাড়ার পাতাবুনিয়া এলাকা থেকে রবিউলকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঠের বাটামও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার হওয়া রবিউল ঝিলংজা এলাকার বাসিন্দা।
মামলার সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল দুপুরে আসামির বাড়ির সামনে এনজিওর কিস্তির টাকা নিয়ে আজিমের (বর্তমানে নিহত) সঙ্গে রবিউলের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রবিউল ঘরের পাশ থেকে একটি কাঠের বাটাম এনে আজিমের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি মারা যান।
পুলিশ আরও জানায়, শুক্রবার সকালে নিহতের বড় ভাই মোহাম্মদ আব্দুল্লাহ থানায় এসে বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন চার্জ) মো. ছমিউদ্দিন বলেন, ‘গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’