সিলেট: নগরীতে বেপরোয়া হয়ে উঠেছে ছিনতাইকারী চক্র। পুলিশের ধারাবাহিক অভিযানের পরও থামছে না ছিনতাইয়ের ঘটনা। সর্বশেষ একদিনেই পৃথক ঘটনায় ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই সাংবাদিক। এ ঘটনায় নগরজুড়ে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) ভোরে শহরতলীর টুকের বাজার এবং বিকেলে নগরীর আম্বরখানা এলাকায় এ দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন সাংবাদিক রায়হান উদ্দিন ও অহী আলম রেজা।
ছিনতাইয়ের শিকার রায়হান উদ্দিন জানান, ভোরে ঢাকা থেকে সিলেটগামী বাস থেকে টুকের বাজার তেমুখীর ব্রিজ এলাকায় নামার পর সিএনজি অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি সিএনজিতে করে আসা তিন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে হাসপাতালের ৪র্থ তলার ৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। রায়হান উদ্দিন সিলেটের দৈনিক যুগভেরীর সিনিয়র স্টাফ রিপোর্টার।
অন্যদিকে বিকেল ৩টার দিকে আম্বরখানা এলাকায় আরেকটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। সাংবাদিক ও প্রভাষক অহী আলম রেজা জানান, তিন বছরের সন্তানকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় ওঠার পর পথিমধ্যে দুই যাত্রী তার সন্তানের দিকে ছুরি ধরে তাকে ভয়ভীতি দেখায়। পরে তার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
তিনি জানান, নির্ধারিত গন্তব্য শাহী ঈদগাহে না নিয়ে গিয়ে কিছু দূরে নামিয়ে দিয়ে চালক দ্রুত পালিয়ে যায়। সিনিয়র সাংবাদিক অহী আলম রেজা বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সুনামের সাথে কাজ করেন। বর্তমানে তিনি বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বাংলা সাহিত্যের প্রভাষক পদে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন।
একই দিনে দুই সাংবাদিকের ছিনতাইয়ের ঘটনায় নগরবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।
এ ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা ও জালালাবাদ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দুই সাংবাদিক।
এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘ঘটনাটি জানার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’