ময়মনসিংহ: জেলার গফরগাঁওয়ে চাচার দা-এর কোপে রিফাত (২০) নামে এক তরুণ নিহত হয়েছে। ঘটনার পর থেকে মাদকাসক্ত চাচা মনির পলাতক রয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে গফরগাঁওয়ের রাওনা ইউনিয়নের পাচুঁয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রিফাত ওই গ্রামের মনসুর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, অভিযুক্ত মনির এলাকায় চিহ্নিত মাদকসেবী। মনির ও নিহত রিফাতের বাবা মনসুর আলী সৎ ভাই। তাদের মাঝে জমি নিয়ে বিরোধ চলছিল। এ ছাড়াও পারিবারিক বিভিন্ন কলহ তাদের মাঝে লেগেই থাকত। আজ সকাল থেকে মনির বাড়িতে উচ্ছৃঙ্খল আচরণ করছিল। তিনি দাঁ ধার দিয়ে তার নিজের ছেলেকে মারতে যান। এ সময় রিফাত ফেরাতে গেলে মনির রিফাতের হাঁটুর নিচে কোপ দেন। এতে রিফাত গুরুতর আহত হন। স্থানীয়রা টের পেয়ে রিফাতকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ৭টার দিকে চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ নজরুল ইসলাম বলেন, হাসপাতালে নেওয়ার আগেই রিফাত মারা যায়। পরে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। রিফাতের মরদেহ মর্গে রাখা হয়েছে।
গফরগাঁও থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং অভিযুক্ত মনিরকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’