Saturday 04 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চকরিয়ায় পলাতক আসামির বাড়ি থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৬ ২৩:৩৩

কক্সবাজার: জেলার চকরিয়ায় একাধিক মামলার পলাতক এক আসামির বসতঘরে অভিযান চালিয়ে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে অভিযানের আগেই পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই আসামি পালিয়ে যান।

শনিবার (৪ এপ্রিল) ভোর ৫ টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় ইউনুস প্রকাশ মইজ্ঞা পুতুর (৩৫) বাড়িতে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) তাপস দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় দরজা খোলা রেখে অভিযুক্ত ব্যক্তি কৌশলে পালিয়ে যান। পরে তার শয়নকক্ষে তল্লাশি চালিয়ে বিছানার নিচে লুকানো অবস্থায় একটি একনলা বন্দুক ও ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাতে এসআই তাপস দাশ জানান, ইউনুস প্রকাশ মইজ্ঞা পুতু এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছিলেন। তার বিরুদ্ধে চিংড়ি ঘের দখল, ডাকাতি, অবৈধ অস্ত্র রাখা ও ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে তিনি চিংড়ি ঘের দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এতে এলাকায় সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে আতঙ্কে বসবাস করে আসছিলেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ থানার হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পলাতক ওই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর