লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে পাঠদান চলাকালীন শ্রেণিকক্ষের ছাদের ভিম ও পলেস্তরা খসে পড়ে ৩ জন শিক্ষার্থী আহত হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে রায়পুর জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- ঋতু বণিক, নাদিয়া আক্তার ও সামিয়া আক্তার। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শিক্ষার্থীরা জানায়, পাঠদান চলাকালীন হঠাৎ বিকট শব্দে ছাদের পলেস্তরা ও ভিমের একটি অংশ খসে পড়ে। এতে তিন শিক্ষার্থী আহত হলে প্রাণ বাঁচাতে সবাই হুড়োহুড়ি করে শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে যায়।
বিদ্যালয়ের সিসি ক্যামেরা ফুটেজেও ছাদ ভেঙে পড়া ও শিক্ষার্থীদের আতঙ্কিত হয়ে ছোটাছুটির দৃশ্য ধরা পড়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, ভবনটি দীর্ঘ দিন ধরে ঝুঁকিপূর্ণ থাকলেও বাধ্য হয়ে তাদের সেখানেই ক্লাস করতে হচ্ছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত ভবন সংস্কার অথবা নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছে তারা।
বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মান্নান পাশা এই ঘটনাকে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে জানান, ছাদ ধসে তাদের কয়েকজন ছাত্রী আহত হয়েছে।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, ‘বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় আমরা বাধ্য হয়েই এই ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চালিয়ে যাচ্ছিলাম। বিষয়টি নিয়ে উপজেলা ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার লিখিতভাবে জানানো হলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার বা সহযোগিতা মেলেনি।’
রায়পুর উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, আমরা ঝুঁকির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। তবে প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় এখন পর্যন্ত কোনো সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি।