Friday 20 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের ছররা গুলিতে যুবক আহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২০ মার্চ ২০২৬ ২২:৫৮

চুয়াডাঙ্গা: জেলার জীবননগর উপজেলার সীমান্তবর্তী নতুনপাড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)–এর ছোড়া ছররা গুলিতে আজাদ আলী (২৭) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত আজাদ আলী নতুনপাড়া গ্রামের বদর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে আজাদ আলীর বিরুদ্ধে। ঘটনার দিন মাগরিবের নামাজের পর তিনি অবৈধভাবে ভারতীয় সীমান্তে প্রবেশের চেষ্টা করলে ভারতের ধঞ্চা এলাকায় অবস্থানরত বিএসএফ সদস্যরা সীমান্ত টাওয়ার থেকে তাকে লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে তার পিঠ ও হাতে একাধিক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

পরে আহত অবস্থায় কোনোভাবে বাড়িতে ফিরলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (২০ মার্চ) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, ঘটনার বিষয়ে তিনি অবগত আছেন এবং আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

অন্যদিকে বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়ন সূত্র জানিয়েছে, ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

দেশের কোথায় কখন ঈদের জামাত
২০ মার্চ ২০২৬ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর