নড়াইল: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোনো স্থান নেই। বিএনপি কিংবা যে কেউ অন্যায় কাজ করলে তাকে আইনের আওতায় আনা হবে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে নড়াইল সার্কিট হাউসে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জনগণের কল্যাণে সরকার নির্বাচনকালীন প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। সরকার গঠনের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করেছেন, যা নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান সরকার বৈষম্যহীন উন্নয়নে বিশ্বাসী বলেও উল্লেখ করেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কে ভোট দিয়েছে আর কে দেয়নি—এখন সেই প্রশ্ন তোলার সময় নয়। দেশের প্রতিটি নাগরিকের সেবা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। দল-মত নির্বিশেষে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত।
মন্ত্রী আরও বলেন, সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের আর্থ-সামাজিক চিত্র বদলে দেওয়া হবে। বিশেষ করে নদী-নালা ও খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি এবং স্থানীয় অবকাঠামোর উন্নয়ন বর্তমান সরকারের অগ্রাধিকার।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন সিকদার, সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠুসহ দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরে মন্ত্রী নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের হাতিয়াড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকদের কল্যাণে সর্বপ্রথম খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সেই উদ্যোগ অব্যাহত রেখেছে।
তিনি বলেন, এ কর্মসূচির লক্ষ্য সারা দেশের হারিয়ে যাওয়া খাল ও নদী পুনরুদ্ধার করা, যা কৃষি ও মৎস্যসম্পদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সেচ ব্যবস্থার উন্নয়ন ও কৃষি উৎপাদন বাড়াতেও এটি সহায়ক হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। এ সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী বি.এম. আব্দুল মোমিন, নড়াইলের পুলিশ সুপার মুহাম্মদ আল মামুন শিকদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি-জেনারেল) মো. আহসান মাহমুদ রাসেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির, পানি উন্নয়ন বোর্ড নড়াইলের নির্বাহী প্রকৌশলী অভিজীৎ কুমার সাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে মন্ত্রী ও অন্যান্য অতিথিরা খালের পাড়ে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।