Sunday 15 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজানুর রহমান

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৫ মার্চ ২০২৬ ২০:৪৮

মিজানুর রহমান চৌধুরী মিজান।

সুনামগঞ্জ: জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান।

রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে এ নিয়োগ দেওয়া হয়।

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল এবং কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

মিজানুর রহমান চৌধুরী ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তার বাড়ি ছাতক উপজেলার হায়দরপুর গ্রামে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে তিনি দলীয় (জাতীয় ঐক্যফ্রন্ট) প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে আওয়ামী লীগ (মহাজোট) প্রার্থী মুহিবুর রহমান মানিকের কাছে তিনি ১ লাখ ৩১ হাজার ৬৮৬ ভোটের ব্যবধানে পরাজিত হন। মুহিবুর রহমান মানিক পান ২ লাখ ২১ হাজার ৩২৮ ভোট এবং মো. মিজানুর রহমান চৌধুরী পান ৮৯ হাজার ৬৪২ ভোট।

বিজ্ঞাপন

নির্বাচনের পর তিনি দাবি করেছিলেন, তার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। এবারের নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন চেয়ে- না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। তবে দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের বৃহত্তর স্বার্থে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ওই আসনে (সুনামগঞ্জ-৫) দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন।

প্রসঙ্গত, রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর