ঢাকা: ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সারাদেশে একযোগে পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন কার্যক্রম ও সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে। শনিবার (১৪ মার্চ) জেলা প্রশাসন, স্থানীয় সরকার, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষের অংশগ্রহণে বিভিন্ন জেলা, উপজেলা ও পৌরসভায় এ কার্যক্রম চালানো হয়।
এর আগে, সারাদেশে বড় পরিসরে পরিচ্ছন্নতা অভিযান শুরুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারই অংশ হিসেবে দেশজুড়ে শুরু হয়েছে এ সমন্বিত উদ্যোগ।
দেশের বিভিন্ন জেলা থেকে সারাবাংলার ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো প্রতিবেদনে এসব কর্মসূচির তথ্য উঠে এসেছে।
খুলনা
খুলনা মহানগরীতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু হয়েছে। শনিবার দুপুরে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর ২১ নম্বর ওয়ার্ডের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আ. স. ম. জামসেদ খোন্দকার। স্থানীয় সরকার ও পৌর প্রশাসনের কর্মকর্তারা, রাজনৈতিক নেতা এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এ কর্মসূচির আওতায় নগরীর বিভিন্ন এলাকায় মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে।
পিরোজপুর
পিরোজপুরে জেলা প্রশাসনের উদ্যোগে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজের বাসভবন ও প্রবীণ পার্কসংলগ্ন পুকুর পরিষ্কারের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
এ সময়, জেলা প্রশাসক আবু সাঈদ তার বক্তব্যে প্রতি শনিবার এ কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন। অভিযানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও স্থানীয়রা অংশ নেয়। এ সময় জমে থাকা আবর্জনা অপসারণ, পানি জমে থাকা স্থান পরিষ্কার এবং মশা নিয়ন্ত্রণমূলক কার্যক্রম চালানো হয়।
জামালপুর
‘রাখিব চারপাশ পরিস্কার, করিব ডেঙ্গু প্রতিকার’ প্রতিপাদ্যে জামালপুরে সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলা প্রশাসন ও জামালপুর পৌরসভা পৃথকভাবে এ কর্মসূচি পালন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন। বক্তারা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সিংড়া
নাটোরের সিংড়ায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও সিংড়া পৌরসভার আয়োজনে র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌরসভার সুবর্ণ সরোবরে গিয়ে শেষ হয়। পরে সেখানে খাল পরিষ্কারের কাজ করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আব্দুল্লাহ আল রিফাত। এ সময় উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ
সুনামগঞ্জ শহরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান ও জনসচেতনতা বাড়াতে র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালি চলাকালে বিভিন্ন এলাকায় মশা নিধন কার্যক্রমও চালানো হয়। এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পৌরসভার প্রশাসক ও জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অসীম কুমার বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক আয়েশা আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাবনা
পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি, লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের আয়োজনে পাবনা গণপূর্ত অফিসের সামনে থেকে জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা এ কর্মসূচির উদ্বোধন করেন।
পরে একটি র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক লিফলেট বিতরণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। কর্মসূচিতে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা ও স্থানীয়রাও অংশ নেয়।
যশোর
এদিকে যশোরে আটটি পৌরসভা ও ৯৩টি ইউনিয়নে একযোগে মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় যশোর কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনের পর কালেক্টরেট চত্বরে সচেতনতামূলক প্রচার মিছিল বের করা হয়। পরে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল হিসেবে চিহ্নিত পরিত্যক্ত পাত্র অপসারণ এবং ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ করা হয়। কর্মসূচিতে যশোর পৌরসভা, স্কাউট ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্যরা অংশ নেয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, দেশব্যাপী নিয়মিত এসব অভিযান পরিচালনা ও জনসচেতনতামূলক প্রচারের মাধ্যমে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার নিয়ন্ত্রণে রাখা সম্ভব।