Saturday 14 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৈয়দপুরে এক টাকায় ‘ঈদের পোশাক’ পেল শতাধিক শিশু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৬ ১৯:৪৩

নতুন পোশাক পাওয়ার পর শিশু-কিশোরদের উচ্ছ্বাস।

নীলফামারী: ঈদ মানেই নতুন পোশাক আর আনন্দ। তবে সমাজের অনেক সুবিধাবঞ্চিত শিশুর কাছে সেই আনন্দ অধরাই থেকে যায়। এমন শিশুদের মুখে হাসি ফোটাতে নীলফামারীর সৈয়দপুরে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শনিবার (১৪ মার্চ) সকালে সৈয়দপুর শহরের গোলাহাট এলাকায় একটি স্কুলের পাশে সামিয়ানা টাঙিয়ে অস্থায়ী দোকান বসায় সংগঠনটি। দোকানের সামনে টাঙানো ব্যানারে লেখা ছিল—‘১ টাকায় ঈদের নতুন জামা’।

ব্যানারটি দেখে আশপাশের পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে কৌতূহল তৈরি হয়। কিছুক্ষণের মধ্যেই দোকানের সামনে সারিবদ্ধভাবে দাঁড়ায় শতাধিক শিশু-কিশোর। কারও হাতে এক টাকার কয়েন, কারও হাতে এক টাকার কাগুজে নোট। তাদের চোখেমুখে ছিল নতুন জামা পাওয়ার উচ্ছ্বাস।

বিজ্ঞাপন

দোকানটিতে শিশুদের জন্য নতুন ফ্রক, পাঞ্জাবি, শার্ট ও প্যান্ট রাখা হয়। মাত্র এক টাকার বিনিময়ে নিজের পছন্দের পোশাক বেছে নেওয়ার সুযোগ পায় তারা। নতুন জামা হাতে পেয়ে অনেকেই আনন্দে হাসতে থাকে, কেউ আবার বন্ধুদের দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।

ওই এলাকার শিশু রেহান (১০) ও আকাশি (৮) জানায়, পরিবারের আর্থিক সংকটের কারণে অনেক সময় ঈদে নতুন কাপড় কেনা সম্ভব হয় না। এক টাকায় নতুন জামা দেওয়া হচ্ছে শুনে তারা সেখানে যায়।

রেহান বলে, ‘আমাদের বাসায় সব সময় নতুন জামা কেনা হয় না। এখানে এক টাকায় নতুন জামা দিচ্ছে শুনে খুব ভালো লাগছে।’

আকাশি বলে, ‘আমি নিজের পছন্দের একটা ফ্রক নিয়েছি। খুব সুন্দর লাগছে। ঈদের দিন এটা পরব।’

এদিকে সংগঠনের নেতারা জানান, সমাজে অনেক শিশু আছে যারা ঈদের সময় নতুন পোশাক কিনতে পারে না। অন্যদের আনন্দ দূর থেকে দেখেই তাদের ঈদ কাটে। সেই শিশুদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তারা আরও জানান, এই আয়োজনের মাধ্যমে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে নতুন পোশাক দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

বিজ্ঞাপন

রাসিকের নতুন প্রশাসক রিটন
১৪ মার্চ ২০২৬ ২০:৫০

আরো

সম্পর্কিত খবর