Saturday 14 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ কোটি ২০ লাখ কৃষক পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৬ ১৯:৩১

রাজবাড়ী: উপদেষ্টা ডা. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, আগামী পহেলা বৈশাখ থেকে দেশের ২ কোটি ২০ লাখ কৃষকের জন্য ‘কৃষি কার্ড’-এর প্রি-পাইলট কর্মসূচি চালু হতে যাচ্ছে এবং আগামী ১৮ মাসের মধ্যে ১ কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শনিবার (১৪ই মার্চ) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।

উপদেষ্টা ডা. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার সামাজিক সুরক্ষা ব্যবস্থায় ব্যাপক দলীয়করণ করে গেছে। রাজনৈতিক হস্তক্ষেপের কারণে প্রকৃত অধিকারভোগীরা তালিকা থেকে বাদ পড়েছেন, আর অযোগ্যদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা এই ব্যবস্থাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত এবং রাজনৈতিক প্রভাবমুক্ত করার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছি, যাতে প্রকৃত সুবিধাভোগীরা তাদের প্রাপ্য বুঝে পান।

বিজ্ঞাপন

উপদেষ্টা বলেন, এরইমধ্যে ফ্যামিলি কার্ডের যাত্রা শুরু হয়েছে। ইমাম, মোয়াজ্জেম, পুরোহিত ও সেবায়েতদের ভাতা প্রদান কার্যক্রমও চালু করা হয়েছে। এছাড়া আগামী ১৬ মার্চ থেকে দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হবে। তিনি আরও বলেন, নির্বাচনের আমেজ শেষ হওয়ার আগেই জনগণের কল্যাণে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা জনগণের জন্য একটি সর্বজনীন অর্থনীতি গড়ে তুলতে চাই। বিশেষ করে বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান ও কর ব্যবস্থার মাধ্যমে অর্থনীতিতে একটি নতুন মডেল প্রতিষ্ঠা করতে চাই।অর্থনীতিতে নতুন মডেল বাস্তবায়ন করতে হলে তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত এমন পরিকল্পনা নিতে হবে, যার মাধ্যমে বাংলাদেশের কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করা সম্ভব হবে।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এছাড়া বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার এবং পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দফতরের প্রধানরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

রাসিকের নতুন প্রশাসক রিটন
১৪ মার্চ ২০২৬ ২০:৫০

আরো

সম্পর্কিত খবর