Friday 13 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্জ্য-কাদায় ডুবে গ্রামীণ সড়ক, দুর্ভোগে ১০ হাজার মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ২১:৩৬ | আপডেট: ১৩ মার্চ ২০২৬ ২১:৩৭

কক্সবাজার: জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা মৌলভী পাড়া এলাকার একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক দীর্ঘ ৭ মাস ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। বর্জ্য ও কাদামাটিতে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয় প্রায় ১০ হাজার মানুষ।

স্থানীয় বাসিন্দারা জানান, ২০১৭ সালে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার পর ক্যাম্পসংলগ্ন এলাকাগুলোতে বর্জ্য ব্যবস্থাপনার সংকট দেখা দেয়। পর্যাপ্ত ড্রেনেজ ও কালভার্ট না থাকায় সেই বর্জ্যের একটি বড় অংশ এসে জমা হচ্ছে লেদা মৌলভী পাড়া এলাকার এই সড়কে। ফলে দীর্ঘদিন ধরে সড়কটি নোংরা পানি, কাদা ও বর্জ্যে সয়লাব হয়ে রয়েছে।

বিজ্ঞাপন

এ অবস্থায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলেও অভিযোগ করেছেন তারা।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সড়কটি দিয়ে হেঁটে চলাচল করাও এখন কঠিন হয়ে পড়েছে। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এমনকি এলাকায় কেউ মারা গেলে জানাজা ও দাফনের জন্য মরদেহ কবরস্থানে নিতে গিয়েও চরম ভোগান্তির শিকার হতে হয়।

এ বিষয়ে হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি তিনি জানতে পেরেছেন। দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট ক্যাম্প ইনচার্জ (সিআইসি) ও শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরসি) সহযোগিতা চাওয়া হয়েছে।

অন্যদিকে ক্যাম্প ইনচার্জ (সিআইসি) খানজাদা শাহরিয়ার বিন মান্নান বলেন, বিষয়টি সরেজমিনে পরিদর্শন করা হবে। বরাদ্দের আওতায় থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে দীর্ঘদিনের দুর্ভোগে অতিষ্ঠ স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে সড়কটির সংস্কার কাজ শুরু করা হোক, যাতে ভোগান্তি থেকে মুক্তি পায় হাজারো মানুষ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর