সিলেট: দীর্ঘ ১৫ বছর পর আগের নামেই ফিরছে প্রয়াত এম সাইফুর রহমান অডিটোরিয়াম হল। সিলেটের রিকাবীবাজার এলাকায় অবস্থিত কবি নজরুল অডিটরিয়াম নামের সরকারি এই মিলনায়তনটির নাম আবারও পুনর্বহালের উদ্যোগ নিয়েছে সরকার।
মঙ্গলবার (৩ মার্চ) সিলেট সফরে এসে এই মিলনায়তন পরিদর্শনে গিয়ে এমনটি জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম আলম।
দীর্ঘদিন ধরে জরাজীর্ন হয়ে পড়ে থাকা এই অডিটরিয়াম সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে অডিটরিয়ামের সাউন্ড, লাইট, চেয়ার, বাথরুম ও যাবতীয় ইলেকট্রনিক সরঞ্জাম সংস্কারে ২ কোটি টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে।
এসব তথ্য জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, আমরা এম সাইফুর রহমান অডিটরিয়াম নামেই অর্থ বরাদ্ধ দেব। এই নামটি সামনে বড় করে লিখতে হবে। যাতে মানুষের চোখে পড়ে। এতে যদি কিছু টাকা বেশি খরচ হয় তাতেও সমস্যা নেই।
এ সময় সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, বর্তমানে এই অডিটরিয়ামটি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রয়েছে। এতে ঠিকমত তদারকি হচ্ছে না। তাই এটি সিটি করপোরেশনের আওতায় নিয়ে আসা প্রয়োজন। এতে সম্মতি প্রদান করেন প্রতিমন্ত্রী।
প্রসঙ্গত, শুরুতে এই মিলনায়তনের নাম ছিল সিলেট অডিটরিয়াম। গত চারদলীয় জোট সরকারের আমলে সংস্কার শেষে এটির নাম পরিবর্তন করে তৎকালীন অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য এম. সাইফুর রহমানের নামে রাখা হয় এবং এই নামে বেশ পরিচিত পায়।
কিন্তু পতিত আওয়ামী লীগ (নিষিদ্ধ) সরকারের আমলে সাইফুর রহমানের নাম পালটে রাখা হয়- কবি নজরুল অডিটরিয়াম। প্রায় ২০ বছর পর বিএনপি ক্ষমতাসীন হয়ে আবারও এই অডিটরিয়ামের নাম বদলের উদ্যোগ নিয়েছে।