কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত লালা বিবি (৩০) মালয়েশিয়া প্রবাসী আবদু শুক্কুরের স্ত্রী।
সোমবার (৩ মার্চ) ভোররাত আনুমানিক ৩ টার দিকে উপজেলার পূর্ব মরিচ্যা মধুঘোনা খলার পাহাড়ে তার নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। তবে নিহত লালা বিবির শ্বশুরবাড়ি হলদিয়া পালং ইউনিয়নের জনাব আলী পাড়া এলাকায়।
নিহতের পরিবার জানায়, সোমবার (৩ মার্চ) ভোররাত আনুমানিক ৩ টার দিকে সেহেরি খাওয়ার সময় দুর্বৃত্তরা লালা বিবিরি ঘরে প্রবেশ করে। এ সময় লালা বিবির চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
নিহতের ভাসুর আবদুল আলম দাবি করেন, লালা বিবির গলায় ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। তাকে শ্বাসরোধ ও নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা। তিনি আরও অভিযোগ করেন, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। পূর্ব থেকে চলমান জমি-সংক্রান্ত বিরোধ রয়েছে এবং এ ঘটনার পেছনে সেই বিরোধের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে পরিবারের সন্দেহ।
এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহম্মদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার মতো আলামত পাওয়া গেছে বলে জানান তিনি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ ও ঘটনার বিস্তারিত জানা যাবে।
নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও উল্লেখ করেন ওসি।