শরীয়তপুর: শরীয়তপুরে পেশাগত দায়িত্ব পালনে বের হয়ে মাদক কারবারি ও জুয়াড়িদের হামলার শিকার হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি নয়ন দাস (২৯)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নয়ন দাস শরীয়তপুর শহরের উদ্দেশ্যে বের হলে পথিমধ্যে নাগেরপাড়া বাজারে তার মোটরসাইকেলের গতিরোধ করে আটকে রেখে হামলা চালানো হয়।
হামলাকারীরা হলেন, মাদক কারবারি ও জুয়াড়ি মনির জমাদার, সাইদুল আকন, নজরুল কাজী, লিখন কাজী ও তাদের সহযোগীরা। হামলায় নয়ন দাস আহত হলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দিয়ে আসলে রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নয়ন দাস। পরে তাকে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে পরিবারের লোকজন।
জানা যায়, সম্প্রতি নাগেরপাড়া এলাকায় এক মাদক কারবারিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। এ বিষয়ে সংবাদ প্রতিবেদন তৈরির উদ্দেশ্যে ঘটনাস্থলে যায় ঢাকা পোস্টের সাংবাদিক নয়ন দাস, যুগান্তরের স্থানীয় প্রতিনিধি শাহেদ আহম্মেদ বাবু, দেশ প্রতিদিনের সাংবাদিক আলম সরদার ও স্থানীয় সাংবাদিক হাসান শিকদার।
এসময় স্থানীয়রা জানায়, পাশের উত্তর মলংচড়া এলাকায় মাদক ব্যাবসার পাশাপাশি একটি জুয়ার আসর বসে। পরে সেখানের কিছু চিত্র ও ভিডিও মুঠোফোনে ধারণ করে ওই তিন সাংবাদিক। বিষয়টি জানতে পেরে ক্ষিপ্ত হয় মাদক কারবারি ও জুয়ার আসর পরিচালনাকারী মনির জমাদার ও তার লোকজন। তারপর তারা নয়ন দাসের ওপর হামলা চালায়।
এ ঘটনায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন নয়ন দাসের সার্বিক খোঁজ-খবর নেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুহাম্মদ আজাহারুল ইসলাম।
আজাহারুল ইসলাম বলেন, সাংবাদিকগণ দেশের দর্পণ। তারা সমাজের অসংগতিগুলো জাতির সামনে তুলে ধরেন। মাদক কারবারি ও জুয়াড়িদের দ্বারা সাংবাদিক নয়ন দাস আহত হয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক। আমি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আহত সাংবাদিক নয়ন দাস ও তার পরিবারকে ধৈর্য ধারণ করার অনুরোধ জানিয়েছি। তার সুস্থতা কামনা করছি। প্রশাসনকে অনুরোধ করব, তারা যেন দ্রুত দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করেন।
এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গণমাধ্যমকর্মী, সুশীল সমাজ ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ। হামলার ঘটনাটি আইনগতভাবে প্রক্রিয়াধীন রয়েছে।