কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় মানব পাচারের অভিযোগে ৫জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুলসংখ্যক ব্যক্তি টেকনাফের বাহারছড়া সমুদ্র এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া, শাহপরী ও স্টেশন টেকনাফ যৌথভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে বাহারছড়ার কচ্ছপিয়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার করা হয়। একই সঙ্গে পাঁচজনকে মানব পাচারের অভিযোগে আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংঘবদ্ধ পাচারকারী চক্র উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় নেওয়ার পরিকল্পনা করছিল। তাদের সাগরপথে পাচারের প্রস্তুতি চলছিল।
কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মানব পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।