Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

অর্থ আত্মসাতের অভিযোগ / কুষ্টিয়ার সাবেক পৌর মেয়র আনোয়ার আলীর বিরুদ্ধে দুদকের মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৪

সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ার আলী।

কুষ্টিয়া: কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ার আলীসহ তিনজনের বিরুদ্ধে প্রায় সোয়া ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) মামলাটি দায়ের করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক বিজন কুমার রায়।

মামলার অন্য দুই আসামি হলেন-পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন ও সাবেক হিসাব রক্ষক আবুল কালাম আজাদ। অভিযোগ অনুযায়ী, তারা হিসাব পরিচালনা ও টাকা তোলার ক্ষেত্রে তৎকালীন মেয়রকে সহযোগিতা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৪ সালের ২৬ জুলাই কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র (তৎকালীন চেয়ারম্যান) আনোয়ার আলী কোনো প্রকার রেকর্ডপত্র, সংযুক্তি ও কোনো রেজুলেশন না করে অগ্রণী ব্যাংকের থানাপাড়া শাখায় একক স্বাক্ষরের দরিদ্র তহবিল নামে একটি হিসাব খোলেন। এছাড়া ২০১৮ সালের ১ জানুয়ারি হতে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোনো প্রকার রেকর্ডপত্র, সংযুক্তি ও কোনো রেজুলেশন না করে আবেদনকারীদের থেকে বিল্ডিং এর প্ল্যান অনুমোদন করাতে সরকারি ফি এর অতিরিক্ত হিসেবে টাকা আদায় করেন। পাশাপাশি বিভিন্ন লাইসেন্সের ফি অবৈধভাবে রশিদের মাধ্যমে আদায় করেন। এসব টাকা পৌরসভার ব্যাংক হিসাবে জমা করা হলেও পরে তা বিভিন্নভাবে খরচ দেখিয়ে আত্মসাৎ করা হয়।

বিজ্ঞাপন

এজাহারে উল্লেখ করা হয়েছে, এভাবে প্রায় ৫ কোটি ২১ লাখ ৭ হাজার হাজার ৫৬৯ টাকা আত্মসাৎ করা হয়। এই অবৈধ প্রক্রিয়ায় সাবেক মেয়র আনোয়ার আলী ছাড়াও পৌরসভার সাবেক প্রধান নির্বাহী কামাল উদ্দিন এবং সাবেক হিসাব রক্ষক আবুল কালাম আজাদ জড়িত।

উল্লেখ্য,আনোয়ার আলী একাধিক বার কুষ্টিয়া পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পালাবদলের সময়ও তিনি কুষ্টিয়া পৌরসভার মেয়র ছিলেন। পরে তাকে অপসারণ করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর