Monday 13 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাদল দিনে কেন ব্যাকুল হৃদয়?

লাইফস্টাইল ডেস্ক
১৩ জুলাই ২০২৬ ২০:১০

জাগতিক সব ব্যস্ততা, জীবনের সব হিসেবে নিকেশ সব কিছুই এলোমেলো করে দেয় আকাশজুড়ে মেঘের ঘনঘটা আর জানালার বাইরে টুপটাপ বৃষ্টির শব্দ। মনকে যেন কোনো এক অজানা ভালোলাগায় ভরিয়ে দেয়। কেউ কেউ যখন বৃষ্টি তে ভিজে জীবন যুদ্ধে এগিয়ে যাচ্ছে, কেউ আবার জানালার পাশে বসে ধোঁয়া ওঠা এক কাপ চা আর প্রিয় মানুষের হাত ধরে বৃষ্টির শব্দ উপভোগ করছে। মেঘলা আকাশ দেখলেই কেন পুরনো আবেগকে নতুন করে জেগে উঠে, বৃষ্টির প্রতিটি ফোঁটা কেন মনে করায় প্রিয় মানুষকে? মেঘলা দিনে মানুষের মন কেন হঠাৎ এত আবেগপ্রবণ ও রোমান্টিক হয়ে ওঠে? এর পেছনে যেমন রয়েছে বৈজ্ঞানিক কারণ, তেমনি রয়েছে মনস্তাত্ত্বিক ও প্রাকৃতিক প্রভাব।

বিজ্ঞাপন

আসুন জেনে নেই, বাদল দিনে কেন ব্যাকুল হয় হৃদয়?

১. আবহাওয়ার বদল ও হরমোনের খেলা

বিজ্ঞানের দৃষ্টিতে দেখলে, বৃষ্টির সময় বাতাসের আর্দ্রতা বেড়ে যায় এবং চারপাশের তাপমাত্রা এক ধাক্কায় বেশ কমে আসে। এই শীতল ও আরামদায়ক পরিবেশ আমাদের স্নায়ুকে শান্ত করে। ফলে মস্তিষ্কে ‘ফিল গুড’ হরমোনের নিঃসরণ বাড়ে, যা নিমিষেই মন থেকে সব ক্লান্তি ও বিষণ্ণতা দূর করে এক ধরনের ইতিবাচক ও রোমান্টিক অনুভূতির জন্ম দেয়।

২. স্মৃতির জানালা ও সেলুলয়েডের প্রভাব

বৃষ্টির নিজস্ব একটি ক্ষমতা আছে অতীতকে মনে করিয়ে দেওয়ার। টিনের চালে বৃষ্টির শব্দ বা ভেজা মাটির সোঁদা গন্ধ আমাদের শৈশবের কাগজের নৌকা চালানো কিংবা জীবনের প্রথম প্রেমের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যায়। এর পাশাপাশি রূপালী পর্দা এবং সাহিত্যের একটা বড় অবদান রয়েছে। গল্প-উপন্যাস বা সিনেমায় বৃষ্টিকে সবসময় বিরহ কিংবা মিলনের প্রতীক হিসেবে দেখানো হয়েছে। ফলে অবচেতনভাবেই আমাদের মনে গেঁথে গেছে যে—বৃষ্টির দিন মানেই প্রিয়জনকে মনে করার দিন।

৩. নিবিড় সান্নিধ্য ও উষ্ণতার খোঁজ

বাইরে যখন অঝোরে বৃষ্টি পড়ে, চারপাশটা ঝাপসা আর শীতল হয়ে আসে, তখন মানুষ সহজাতভাবেই একটু উষ্ণ আশ্রয়ের খোঁজ করে। এই উষ্ণতা কেবল ঘরের চার দেয়ালের নয়, বরং প্রিয় মানুষের একটুখানি নিবিড় সান্নিধ্যের। বৃষ্টির দিনে বাইরের কোলাহল থেমে যায় বলে ঘরের ভেতরের গল্প, গান, একসাথে খিচুড়ি রান্না কিংবা এক কাপ চা পানের মুহূর্তগুলো সম্পর্কের বন্ধনকে আরও মধুর ও গভীর করে তোলে।

৪. প্রকৃতির রূপবদল ও মনের সতেজতা

টানা গরম বা রুক্ষতার পর বৃষ্টি যেন প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চার করে। বৃষ্টির পানিতে ধুয়ে-মুছে যাওয়া চারপাশের গাছপালার সতেজ সবুজ রূপ আমাদের চোখ ও মনকে এক অদ্ভুত প্রশান্তি দেয়। প্রকৃতির এই নির্মলতা ও স্বচ্ছতা মানুষের মনকেও সতেজ করে তোলে, যা মনের ভেতর ভালোবাসার অনুভূতিকে নতুন করে জাগিয়ে তোলে।

৫. কবিদের কলমে বৃষ্টির বন্দনা

বাঙালির বৃষ্টিবিলাস আর কবিদের কবিতা যেন হাতরাধাতরি চলে। মহাকবি কালিদাস থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর বা জীবনানন্দ দাশ, সবাই বৃষ্টির চাদরে জড়িয়েছেন তাঁদের প্রেম ও বিরহকে। রবীন্দ্রনাথের সেই চিরন্তন সুর, ‘বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিয়েছি শ্রাবণের গান’ যেন প্রতিটি মেঘলা দিনে আমাদের মনে এক অমোঘ রোমান্টিকতার জন্ম দেয়।

উল্লেখ্য, বৃষ্টি মানেই যান্ত্রিক জীবন থেকে কিছুক্ষণের জন্য ছুটি নিয়ে কল্পনার ডানায় ভর করা। জানালার পাশে বসে ধোঁয়া ওঠা এক কাপ চা আর প্রিয় মানুষের হাত ধরে বৃষ্টির শব্দ উপভোগ করার মাঝেই লুকিয়ে থাকে এই মেঘলা দিনের আসল সার্থকতা।

সারাবাংলা/এনএল/এএসজি