নব্বইয়ের দশকের ছিমছাম বোরকা থেকে আজকের দিনের ‘হিজাব’। এই বিবর্তন কেবল একটি পোশাকের পরিবর্তন নয়, বরং এটি আত্মপরিচয় ও আধুনিকতার এক অনন্য মিশেল। বর্তমানে নারীদের কাছে হিজাব কেবল একটি ধর্মীয় অনুষঙ্গ নয়, বরং এটি ব্যক্তিত্ব প্রকাশের এক শক্তিশালী মাধ্যম। তবে আমাদের দেশের ভ্যাপসা গরমে আর ধুলোবালির শহরে হিজাব পরার ক্ষেত্রে চাই সঠিক কাপড়ের নির্বাচন আর স্টাইলিংয়ের মুন্সিয়ানা।
পোশাকে ও হিজাবে রঙের খেলা
কেমন পোশাকের সাথে কেমন হিজাব মানাবে, তা নিয়ে অনেক সময় আমরা দ্বিধায় ভুগি। নিয়মটা খুব সহজ যদি আপনার কামিজ বা আবায়া (বোরকা) খুব বেশি কাজ করা বা প্রিন্টেড হয়, তবে হিজাবটি হওয়া চাই একদম একরঙা বা ‘সলিড কালার’। আবার যদি পোশাকটি খুব সাধারণ হয়, তবে একটু গর্জিয়াস বা এমব্রয়ডারি করা হিজাব আপনার পুরো লুকটাই বদলে দেবে। এই গরমে প্যাস্টেল শেড যেমন; পিচ, মিন্ট গ্রিন, ল্যাভেন্ডার বা অফ-হোয়াইট রঙের হিজাব চোখের শান্তি দেবে। আর অফিসের জন্য চারকোল গ্রে বা নেভি ব্লু সবসময়ই আভিজাত্যের প্রতীক। আবার বৈচিত্র্য আনতে ডাবল লেয়ারের হিজাবও এখন বেশ চলছে, যেখানে দুটি ভিন্ন রঙের কাপড় ব্যবহার করা হয়।
কাপড়ের নির্বাচন প্রাধান্য দিন
ঢাকার এই কাঠফাটা রোদে সিনথেটিক বা সিল্কের হিজাব পরলে অস্বস্তি হওয়াটাই স্বাভাবিক। তাই এই মৌসুমে আমার প্রথম পছন্দ সবসময়ই ‘কটন বা সুতি’। তবে সাধারণ সুতির বাইরেও এখন বাজারে এসেছে ‘ভয়েল কটন’ এবং ‘লিনেন কটন’, যা বাতাস চলাচলে সাহায্য করে এবং ঘাম শুষে নেয়। এ ছাড়া ‘জর্জেট’ বা ‘শিফন’ কাপড়ের হিজাবগুলো বেশ জনপ্রিয় কারণ এগুলো কুঁচকে যায় না এবং খুব সহজেই পিন দিয়ে সেট করা যায়। তবে গরমে যারা আরাম খুঁজছেন, তারা একটু ঢিলেঢালাভাবে বা ‘লুজ রেপিং’ স্টাইলে হিজাব পরতে পারেন, যাতে ঘাড় ও গলায় বাতাস লাগে। বিশেষ করে যারা সারাদিন বাইরে থাকেন, তারা ‘জার্সি কটন’ কাপড়টি বেছে নিতে পারেন; এটি যেমন স্টাইলিশ, তেমনি পিন ছাড়াই মাথার সাথে সুন্দরভাবে সেট হয়ে থাকে।
প্রিমিয়াম কালেকশন: কোথায় পাবেন দামী হিজাব
যারা একটু বিশেষ অনুষ্ঠান বা গর্জিয়াস লুকের জন্য হিজাব খুঁজছেন, তাদের জন্য শপিং মলের কোনো বিকল্প নেই।
বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্ক: প্রিমিয়াম কোয়ালিটির তুর্কি এবং দুবাই হিজাবের জন্য এই দুটি শপিং মল সেরা গন্তব্য। এখানে ‘হিজাব গ্যালারি’ বা ‘এমব্রয়ডারিড হিজাব’এর দোকানগুলোতে পাবেন শিফন ও সিল্কের দারুণ কালেকশন।
অনলাইন ব্র্যান্ড: ‘মোডাস্টি’, ‘হিজাব হাউজ’ বা ‘স্টাইলিশ হিজাব’এর মতো অনলাইন পেজগুলো এখন বেশ নির্ভরযোগ্য। বিশেষ করে তাদের কটন জার্সির হিজাবগুলো কর্মজীবী নারীদের মধ্যে বেশ জনপ্রিয়।
সাশ্রয়ী ফ্যাশন: ফুটপাতের হিজাব যখন সংগ্রহের সেরা অংশ
সবসময় যে দামী শোরুম থেকেই হিজাব কিনতে হবে, তা কিন্তু নয়। যারা নিয়মিত অফিস, কলেজ বা ইউনিভার্সিটিতে যাতায়াত করেন, তাদের জন্য বিপুল সংগ্রহের প্রয়োজন হয়। সে ক্ষেত্রে আমাদের ঢাকার ফুটপাতগুলো কিন্তু হিজাব ফ্যাশনের এক বিশাল ভাণ্ডার। খুব কম বাজেটেও যে আপনি দারুণ স্টাইলিস্ট হতে পারেন, তার প্রমাণ মিলবে নির্দিষ্ট কিছু জায়গায়।
নিউমার্কেট ও গাউছিয়ার ফুটপাত: এখানকার ফুটপাতে পসরা সাজিয়ে বসা দোকানগুলোতে জর্জেট, শিফন আর সুতির শত শত হিজাব পাওয়া যায়। খুব ভালো করে খুঁজলে মাত্র ৮০ থেকে ১৫০ টাকার মধ্যেই চমৎকার সব ডিজিটাল প্রিন্টের হিজাব পেয়ে যাবেন।
ইডেন কলেজের সামনে ও নীলক্ষেত মোড়: ছাত্রীদের ভিড় বেশি থাকায় এখানে হিজাবের কালেকশন থাকে একদম লেটেস্ট ফ্যাশন অনুযায়ী। এখানে ১০০ টাকা থেকে শুরু করে ১০০ টাকার মধ্যে ছোট-বড় অনেক ধরণের স্কার্ফ বা হিজাব পাওয়া যায় যা গরমে ব্যবহারের জন্য বেশ আরামদায়ক।
মিরপুর ১০ নম্বর ফুটপাত: মিরপুরবাসীর জন্য এটি এক স্বর্গরাজ্য। এখানেও ৫০-১৫০ টাকার মধ্যে অনেক দামী শোরুমের মতো দেখতে হিজাব মিলবে। যারা প্রতিদিনের ব্যবহারের জন্য রঙবেরঙের সংগ্রহ রাখতে চান, তারা এখান থেকে একবারে ৫-১০টি হিজাব কিনে নিতে পারেন।
দরদাম ও যত্নআত্তি
দাম নির্ভর করে কাপড় আর কাজের ওপর। ফুটপাতে ৫০ থেকে ১৫০ টাকার মধ্যে সাধারণ ব্যবহারের হিজাব পাওয়া গেলেও লিনেন কটন হিজাবগুলো সাধারণত ৬০০ থেকে ৮০০ টাকার মধ্যে পাওয়া যায়। তবে একটু ব্র্যান্ডের বা তুর্কি সিল্কের হিজাব কিনতে চাইলে খরচ করতে হবে ১,৫০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত।
মনে রাখবেন, হিজাব ভালো রাখতে ব্যবহারের পর সরাসরি কড়া রোদে শুকাবেন না, এতে রং চটে যেতে পারে। হালকা শ্যাম্পু মেশানো পানিতে ধুয়ে ছায়ায় শুকাতে দিলে কাপড়ের উজ্জ্বলতা দীর্ঘস্থায়ী হয়। বিশেষ করে সুতি হিজাবে হালকা মাড় দিলে তা বেশ কড়কড়ে থাকে এবং মাথায় সেট করতে সুবিধা হয়।
ফ্যাশন মানেই নিজেকে আত্মবিশ্বাসের সাথে উপস্থাপন করা। তাই হিজাব পরার ক্ষেত্রে অন্যের অনুকরণ না করে নিজের চেহারার গড়ন আর আবহাওয়া বুঝে কাপড় নির্বাচন করুন। সঠিক হিজাব আর এক চিলতে হাসি আপনার ব্যক্তিত্বকে করে তুলবে অন্য সবার চেয়ে আলাদা ও স্নিগ্ধ। একটি সুলভ মূল্যের হিজাবকেও আপনি আপনার ব্যক্তিত্ব দিয়ে বহুমূল্যবান করে তুলতে পারেন।