ইসলামের ইতিহাসে অষ্টম হিজরির ১৯ রমজান একটি অনন্য ও অবিস্মরণীয় দিন। এই দিনেই সংঘটিত হয় মক্কা বিজয়— যা শুধু সামরিক বিজয় ছিল না, বরং ক্ষমা, দয়া ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে।
মক্কা বিজয়ের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের ইতিহাস। মহানবী হজরত মুহাম্মদ (সা.) মক্কায় ইসলামের দাওয়াত দেওয়ার পর কুরাইশদের কঠোর নির্যাতনের শিকার হন মুসলমানরা। নির্যাতনের মাত্রা অসহনীয় হয়ে উঠলে নবীজি (সা.) ও তার সাহাবিরা ৬২২ খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন। কিন্তু মদিনায় গিয়েও মুসলমানরা শান্তিতে থাকতে পারেননি। দ্বিতীয় হিজরিতে কুরাইশরা মদিনা আক্রমণ করলে সংঘটিত হয় বদরের যুদ্ধ, যেখানে মুসলমানরা ঐতিহাসিক বিজয় অর্জন করেন।
পরের বছর তৃতীয় হিজরিতে সংঘটিত হয় উহুদের যুদ্ধ। সে যুদ্ধে মুসলমানদের একটি কৌশলগত ভুলের কারণে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এরপরও ইসলামের প্রসার থেমে থাকেনি।
ষষ্ঠ হিজরির জিলকদ মাসে মহানবী (সা.) প্রায় দেড় হাজার সাহাবিকে সঙ্গে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কার পথে রওনা হন। কিন্তু কুরাইশরা তাদের মক্কায় প্রবেশে বাধা দেয়। পরে মক্কার নিকটবর্তী হুদায়বিয়া নামক স্থানে উভয় পক্ষের মধ্যে একটি শান্তিচুক্তি সম্পাদিত হয়, যা ইতিহাসে ‘হুদায়বিয়ার সন্ধি’ নামে পরিচিত।
কিন্তু এই চুক্তি বেশিদিন টেকেনি। কুরাইশদের মিত্র বনু বকর গোত্র রাতের অন্ধকারে মুসলমানদের মিত্র বনু খোজায়া গোত্রের ওপর আক্রমণ চালায়। এতে বহু নিরীহ মানুষ নিহত হন। এরপর খোজায়া গোত্র মদিনায় এসে মহানবী (সা.)-এর কাছে সাহায্য প্রার্থনা করে।
এই ঘটনার পর নবীজি (সা.) কুরাইশদের তিনটি বিকল্প দেন— ক্ষতিপূরণ প্রদান, বনু বকরকে পরিত্যাগ করা অথবা চুক্তি বাতিল করা। কুরাইশরা শেষ পর্যন্ত চুক্তি বাতিলের পথই বেছে নেয়।
এরপর অষ্টম হিজরির ১০ রমজান মহানবী (সা.) প্রায় ১০ হাজার সাহাবিকে সঙ্গে নিয়ে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। মক্কার কাছাকাছি মাওয়ারাউজ জাহরান উপত্যকায় মুসলিম বাহিনী অবস্থান নেয়। সেই সময় কুরাইশ নেতা আবু সুফিয়ান নবীজি (সা.)-এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরে ইসলাম গ্রহণ করেন।
১৯ রমজানের সকালে মহানবী (সা.) মাথা নত করে বিনয়ের সঙ্গে মক্কায় প্রবেশ করেন। তিনি সাহাবিদের কঠোর নির্দেশ দেন— কেউ যেন কোনো সংঘর্ষে জড়ায় না। মক্কাবাসীদের উদ্দেশে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তিনি বলেন, ‘আজ তোমাদের ওপর কোনো প্রতিশোধ নেই।’
এই ঘোষণার মাধ্যমে দীর্ঘদিনের শত্রুতার অবসান ঘটে এবং মক্কা শান্তিপূর্ণভাবে ইসলামের অধীনে আসে।
ইতিহাসবিদদের মতে, মক্কা বিজয় শুধু একটি শহর জয়ের ঘটনা নয়; এটি ক্ষমা, সহনশীলতা ও মানবতার এক মহৎ উদাহরণ, যা বিশ্ব ইতিহাসে অনন্য হয়ে আছে।