Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ক্যাম্পে মানবিক আহ্বানে তারকা তাহসান খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৫ জুন ২০২৬ ১৮:৪২

কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ‘ইউএনএইচসিআর’ (UNHCR)-এর শুভেচ্ছাদূত, জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকালে তিনি উখিয়ার কুতুপালংস্থ ক্যাম্প ১ ইস্ট-এ পৌঁছান এবং দিনব্যাপী বিভিন্ন মানবিক কার্যক্রমে অংশ নেন।

ক্যাম্প পরিদর্শনের শুরুতে তাহসান খান সেখানে অবস্থানরত রোহিঙ্গা তরুণ-তরুণীদের সঙ্গে একটি বিশেষ গ্রুপ আলোচনায় অংশ নেন। উখিয়ার কমিউনিটি সেন্টারে আয়োজিত এই ফোকাস গ্রুপ আলোচনায় রোহিঙ্গা সম্প্রদায়ের বর্তমান পরিস্থিতি, তাদের কল্যাণ ও ভবিষ্যৎ সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত কথা হয়। অত্যন্ত গুরুত্বের সাথে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অংশগ্রহণকারী যুবসমাজ অর্থবহ ও ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে নিজেদের বাস্তব অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি এবং বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।

বিজ্ঞাপন

জনপ্রিয় এই তারকার ক্যাম্প সফরের পর রোহিঙ্গা স্বেচ্ছাসেবক মনজুর আল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসানের সঙ্গে নিজের ছবি পোস্ট করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, ২৫ জুন সকাল ১১টার দিকে ক্যাম্প ১ ইস্ট-এ ইউএনএইচসিআর-এর গুডউইল অ্যাম্বাসেডর তাহসান খানকে স্বাগত জানানোর সুযোগ হয়েছে। ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করা, সম্প্রদায়ের মানুষের কথা সরাসরি শোনা এবং গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার জন্য তিনি এই সম্মানিত শুভেচ্ছাদূতের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। এই ধরনের সফর বাস্তুচ্যুত মানুষের মনে নতুন করে আশা জাগায় এবং মর্যাদা ও সহমর্মিতার সাথে তাদের পাশে দাঁড়ানোর গুরুত্বকে পুনর্ব্যক্ত করে।

বর্তমানে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্পে অস্থায়ীভাবে আশ্রয় নিয়ে আছেন। শুরু থেকেই জাতিসংঘের বিভিন্ন সংস্থা এই বিশাল জনগোষ্ঠীর মানবিক সেবায় নিয়োজিত রয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকেই বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা শরণার্থীদের অধিকার ও যন্ত্রণার কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ইউএনএইচসিআর-এর বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হন তাহসান খান। এরপর শরণার্থীদের কল্যাণে তার এই ধারাবাহিক অবদান ও জনসচেতনতা বৃদ্ধির প্রচেষ্টাকে সম্মান জানিয়ে ২০২১ সালে তাকে প্রাতিষ্ঠানিকভাবে শুভেচ্ছাদূত (গুডউইল অ্যাম্বাসেডর) হিসেবে নিয়োগ দেয় জাতিসংঘের এই সংস্থাটি।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর