বিনোদন জগতে আলোচনার কেন্দ্রে রয়েছে চলচ্চিত্র ‘বনলতা সেন’। জীবনানন্দ দাশের কালজয়ী সাহিত্যের ছায়ায় নির্মিত এই সিনেমাটি মুক্তির আগেই দর্শকদের মধ্যে তৈরি করেছে গভীর কৌতূহল। সিনেমাটির প্রতিটি প্রকাশনা যেন দর্শকদের প্রত্যাশাকে এক অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। বাপ্পা মজুমদারের কণ্ঠে প্রথম গান ‘এখানে কেউ নেই’ মুক্তির পর যে ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছিল, সেই ধারবাহিকতা বজায় রেখে নতুন করে নজর কেড়েছে সিনেমার দ্বিতীয় গান ‘দুজন’।
ঈদের আগের দিন প্রযোজনা প্রতিষ্ঠান রেড অক্টোবর-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা ‘দুজন’-এর মূল কথাগুলো অপরিবর্তিত রেখে এই গানটি তৈরি করা হয়েছে। সেলুলয়েডের পর্দায় কবিতার এই শৈল্পিক রূপায়ন দর্শকদের নতুন এক অভিজ্ঞতার স্বাদ দিচ্ছে। সুরকার ও পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল এই গানে ফুটিয়ে তুলেছেন প্রেম, স্মৃতি, বিচ্ছেদ এবং মানুষের মনস্তাত্ত্বিক দর্শনের এক চিরন্তন মেলবন্ধন। শরৎকালের ল্যান্ডস্কেপ ও নিস্তব্ধতার মাঝে তারার নিচে সান্ত্বনা খোঁজার যে দর্শন কবিতায় ছিল, তা সুরের মূর্ছনায় পর্দায় অনন্য হয়ে উঠেছে।
গানটির সংগীতায়োজনে ছিলেন বরেণ্য সংগীতশিল্পী বাপ্পা মজুমদার এবং এতে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান। বাপ্পা মজুমদারের নিখুঁত সংগীতায়োজন আর দোলা রহমানের আবেগঘন কণ্ঠ শ্রোতাদের মনে গভীর ছাপ ফেলেছে। গানটি মুক্তির অল্প সময়ের মধ্যেই ৮৫ হাজার ভিউ অতিক্রম করেছে। তবে ভিউ সংখ্যার চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছে শ্রোতাদের মন্তব্য। ইউটিউবের মন্তব্য বাক্সে গানটিকে অনেকে ‘মাস্টারপিস’ হিসেবে আখ্যায়িত করছেন। সাহিত্যপ্রেমী দর্শকদের মতে, এই সিনেমাটি বাণিজ্যিক সফলতার বাইরেও তাদের জন্য একটি বড় প্রাপ্তি হতে যাচ্ছে।
‘বনলতা সেন’ সিনেমার গল্প, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে আছেন মাসুদ হাসান উজ্জ্বল। নান্দনিক ভিজ্যুয়াল এবং মানসম্মত গানের কারণে চলচ্চিত্রপ্রেমীরা আশা করছেন, এই ঈদ উৎসবে প্রেক্ষাগৃহে দর্শকদের জন্য সিনেমাটি এক রুচিশীল ও ভিন্নধর্মী উপহার হিসেবে ধরা দেবে। সিনেমার সামগ্রিক আয়োজন এবং কাব্যিক নির্মাণশৈলী সব মিলিয়ে চলচ্চিত্র অঙ্গনে এটি এখন অন্যতম প্রতীক্ষিত কাজ।