Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রকাশ্যে এলো ‘মাসুদ রানা’র আইটেম গান

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৭ মে ২০২৬ ১৩:৫৭ | আপডেট: ২৭ মে ২০২৬ ১৪:২০

আসন্ন ঈদে ঢাকাই সিনেমার দর্শকদের জন্য বড় চমক নিয়ে আসছে কাজী আনোয়ার হোসেনের কালজয়ী গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’। দীর্ঘদিন আলোচনার কেন্দ্রে থাকা এই সিনেমাটির প্রথম আইটেম সং মুক্তি পাওয়ার পর থেকেই শুরু হয়েছে তুমুল হইচই। মঙ্গলবার সন্ধ্যায় গানটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের মাঝে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস।

জাজ মাল্টিমিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে ‘ও দরদী কি মাছ’ শিরোনামের এই গানটি। ধামাকা এই গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় পপ-রক তারকা মিলা। গানের তালে রাসেল রানা ও অবন্তিকা রহমানের জমকালো পারফরম্যান্স এবং দারুণ কোরিওগ্রাফি দর্শকদের নজর কেড়েছে। গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন লিঙ্কন রায় চৌধুরী।

বিজ্ঞাপন

গানটির কারিগরি মান বেশ উন্নত। এর মিউজিক প্রোগ্রামিং করেছেন মুম্বাইয়ের কেডি। মুম্বাইয়ের প্লেহেড স্টুডিওতে রূপজিৎ দাশের তত্ত্বাবধানে গানটির মিক্স ও মাস্টারিং সম্পন্ন হয়েছে। সেই সাথে গিটার ও ম্যান্ডোলিনে ছিলেন জাকিরুদ্দিন খান এবং সিনেমাটোগ্রাফিতে ছিলেন সাইফুল ইসলাম শাহীন।

সৈকত নাসির পরিচালিত এই সিনেমাটি নিয়ে শুরু থেকেই দর্শকদের মাঝে ছিল বিশেষ কৌতূহল। আইটেম গান প্রকাশের পর সেই উত্তেজনা এখন বহুগুণ বেড়ে গেছে। সিনেমার কেন্দ্রীয় গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’ হিসেবে পর্দায় দেখা যাবে রাসেল রানাকে।

রাসেল রানার বিপরীতে ‘সোহানা’ চরিত্রে গ্ল্যামার ও অ্যাকশন নিয়ে হাজির হবেন চিত্রনায়িকা পূজা চেরী। ‘অবনিতা’ চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ তিথি অমনি। এ ছাড়া সিনেমাটিতে আরও রয়েছেন আমিরুল হক চৌধুরী, শহিদুল আলম সাচ্চু ও আহসান হাবিব নাসিমসহ একঝাঁক তারকা। ঈদে বড় পর্দায় গোয়েন্দা ধামাকা দেখার অপেক্ষায় এখন সিনেমাপ্রেমীরা।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর