Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীও একজন মেয়ের বাবা, আশা করি রামিসা হত্যায় দৃষ্টান্তমূলক বিচার দেখবো: পরীমনি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২১ মে ২০২৬ ১৮:৪৩

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। এই মর্মান্তিক ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন জগতের তারকারাও নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে নিহত রামিসার বাবার কান্নার একটি স্ক্রিনশট শেয়ার করে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি দেশের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই পৈশাচিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

পরীমনি তার ফেসবুক পোস্টে দেশের বর্তমান সরকারপ্রধানকে উদ্দেশ্য করে লেখেন, ‘এদেশের প্রধানমন্ত্রী একজন মেয়ের বাবা। আশা করছি এই নিঃস্ব বাবার কান্না তার হৃদপিণ্ড ছুঁয়ে যাবে। আমরা একটি দৃষ্টান্তমূলক বিচার দেখতে পাবো।’ উল্লেখ্য, নিহত রামিসার বাবা আবদুল হান্নান মোল্লার একটি ভিডিও বার্তা থেকে নেওয়া স্ক্রিনশটটি পরীমনি তাঁর পোস্টে যুক্ত করেন। যেখানে রামিসার বাবা তাঁর বুকফাটা আর্তনাদ প্রকাশ করে বলেন, ‘ও আমার একটা হৃদপিণ্ড, সেটাই আল্লাহ নিয়ে গেছেন।’ এই হৃদয়বিদারক দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং লাখো মানুষের চোখ ভিজিয়ে দেয়।

বিজ্ঞাপন

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি বাসায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা করে লাশ গুম করার চেষ্টা চালানো হয়েছিল। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার মূল অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করেছে এবং প্রধান আসামি আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। পরীমনির এই পোস্টটির পর নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছেন, যাতে ভবিষ্যতে আর কোনো বাবা-মাকে এভাবে সন্তান হারাতে না হয়।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর