Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১১ বছর পর সুপারহিরো অবতারে সালমান-কারিনা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৬ মে ২০২৬ ১৮:০৩

বলিউডের পর্দায় আবারও নতুন এক ধামাকা নিয়ে হাজির হচ্ছেন দুই সুপারস্টার সালমান খান এবং কারিনা কাপুর খান। দীর্ঘ ১১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এই জনপ্রিয় জুটিকে দেখা যাবে একটি বিগ বাজেটের সুপারহিরো সিনেমায়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বলিউডের আলোচিত নির্মাতা জুটি রাজ এবং ডিকে-র পরিচালনায় এই প্রজেক্টটি ইতিমধ্যে ইন্ডাস্ট্রিতে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।

বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, সিনেমাটি নিয়ে বর্তমানে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে। এতে প্রধান দুই চরিত্রে অভিনয়ের জন্য সালমান ও কারিনা দুজনেই মৌখিকভাবে সম্মতি দিয়েছেন। যদিও আনুষ্ঠানিক চুক্তি এখনও সম্পন্ন হয়নি, তবে শোনা যাচ্ছে খোদ সালমান খান নিজেই এই সিনেমাটি নিয়ে কারিনা কাপুরের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন। ভাইজানের এই সরাসরি উদ্যোগ সিনেমা নির্মাণের প্রক্রিয়াকে আরও গতিশীল করে তুলেছে।

বিজ্ঞাপন

বলিউড ইতিহাসের অন্যতম সফল এই জুটি এর আগে ‘কিউ কি’, ‘বডিগার্ড’, ‘ম্যায় অর মিসেস খান্না’-এর মতো অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন। সর্বশেষ ২০১৫ সালে ব্লকবাস্টার হিট ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। এবার সাধারণ গল্পের বাইরে গিয়ে সুপারহিরো ঘরানার সিনেমায় তারা কতটা চমক দেখাতে পারেন, তা নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহের সীমা নেই।

বর্তমানে সালমান খান ব্যস্ত রয়েছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে ‘মাতৃভূমি’ সিনেমার কাজ নিয়ে। অন্যদিকে কারিনা কাপুর খান মালয়ালম অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারানের সঙ্গে ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার ‘দায়রা’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। নিজেদের বর্তমান কাজগুলো শেষ করেই তারা রাজ ও ডিকের এই মেগা প্রজেক্টে হাত দেবেন বলে ধারণা করা হচ্ছে। ১১ বছর পর এই জুটির পুনর্মিলন যে বক্স অফিসে বড়সড় ঝড়ের আভাস দিচ্ছে, তা বলাই বাহুল্য।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর