পপ সম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যুর ১৭ বছর পর বড় পর্দায় আসছে তার বহুল প্রতীক্ষিত বায়োপিক ‘মাইকেল’। অস্কারজয়ী প্রযোজক গ্রাহাম কিংয়ের এই নির্মাণ নিয়ে যখন বিশ্বজুড়ে ভক্তদের মাঝে উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই বাবার জীবনীর চিত্রনাট্য নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তার কন্যা প্যারিস জ্যাকসন। প্যারিসের দাবি, এই সিনেমার চিত্রনাট্য ভুল তথ্যে ভরা এবং সত্যকে এড়িয়ে কেবল ভক্তদের তুষ্ট করার লক্ষ্যেই এটি তৈরি করা হয়েছে।
প্যারিসের এই কড়া সমালোচনার বিপরীতে ছবির অন্যতম অভিনেতা কোলম্যান ডোমিঙ্গো আশাবাদ ব্যক্ত করেছেন যে, শেষ পর্যন্ত প্যারিস বাবার প্রতি নির্মাতাদের ভালোবাসা ও সম্মান অনুভব করতে পারবেন। তবে বিতর্কের এখানেই শেষ নয়; ‘লিভিং নেভারল্যান্ড’-খ্যাত পরিচালক ড্যান রিডও সিনেমাটির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, মাইকেল জ্যাকসনের জীবনের অন্ধকার অধ্যায় ও অপরাধগুলো ঢাকার এক অপচেষ্টা হতে পারে এই চলচ্চিত্র।
সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের বর্ণাঢ্য উত্থান, বিশ্বসেরা তারকা হয়ে ওঠার গল্প এবং ৩০টিরও বেশি আইকনিক পারফরম্যান্সের রিমেক থাকছে। তবে সাফল্যের পাশাপাশি শিশু যৌন নির্যাতনের অভিযোগ এবং ২০০৩ সালের গ্রেপ্তারের মতো বিতর্কিত ঘটনাগুলোও পর্দায় ঠাঁই পেয়েছে। পপ সম্রাটের চরিত্রে তারই ভাতিজা জাফর জ্যাকসনের অভিনয় এরই মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, কারণ তার কণ্ঠ আর নাচের ভঙ্গিমা হুবহু মাইকেলের কথা মনে করিয়ে দিচ্ছে।
আগামীকাল ২৪ এপ্রিল বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে এই আলোচিত বায়োপিক। ট্রেলারে মাইকেলের কণ্ঠের সেই বিখ্যাত উক্তি ‘আমি চাই বিশ্ব এই জাদু অনুভব করুক’ ভক্তদের হৃদয়ে শিহরণ জাগালেও, পারিবারিক আপত্তি আর সমালোচকদের কড়া নজরদারি সিনেমাটির সাফল্যের পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয়, বড় পর্দায় এই ‘জাদু’ বিতর্ক ছাপিয়ে কতটুকু মুগ্ধতা ছড়াতে পারে।