Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইতালিতে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘প্রিন্স’, শুরু হয়েছে অগ্রিম টিকিট বুকিং

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৮ এপ্রিল ২০২৬ ১৭:৩৮

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তিপ্রাপ্ত সিনেমার তালিকায় থাকা শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ এবার পাড়ি দিচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। ঈদে মুক্তি পাওয়া অন্যান্য সিনেমাগুলোর মতো এবার বিদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এই আলোচিত সিনেমাটি। আগামী ১৮ ও ২০ এপ্রিল ইতালির ভেনিস ও রোম শহরের দুটি প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী শুরু হবে।

প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস জানিয়েছে, ইতালির এই প্রদর্শনীর মাধ্যমেই ‘প্রিন্স’-এর আপডেটেড ভার্সন দর্শকদের সামনে আনা হচ্ছে। দেশে মুক্তির সময় সিনেমাটি কারিগরি নানা সীমাবদ্ধতার কারণে যে জটিলতার সম্মুখীন হয়েছিল, সেগুলো কাটিয়ে নতুন সংস্করণে সিনেমাটি আরও নিখুঁতভাবে দর্শকদের সামনে উপস্থাপন করা হবে। ইতালিতে প্রদর্শনী উপলক্ষে ইতিমধ্যেই সিনেমার অগ্রিম টিকিট বুকিং শুরু হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দেশে মুক্তির পর ‘প্রিন্স’ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। বিশেষ করে সিনেমাটির সাউন্ড, কালার ও ভিএফএক্স-এর মান নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক সমালোচনা দেখা দিয়েছিল। ঈদের সময় তাড়াহুড়ো করে সিনেমাটি মুক্তি দেওয়ার ফলে কাজ অসম্পূর্ণ ছিল বলে অভিযোগ করেন অনেক দর্শক। যার ফলে রাজধানীর স্টার সিনেপ্লেক্সসহ অর্ধশত সিঙ্গেল স্ক্রিনে সিনেমার প্রদর্শনী প্রথমদিকে বন্ধ রাখা হয়েছিল। কিছু প্রেক্ষাগৃহে দর্শকদের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনার পর শাকিব খান নিজেই সিনেমার ত্রুটিগুলোর জন্য দর্শকদের কাছে ক্ষমা চেয়েছিলেন।

নব্বই দশকের ঢাকার পটভূমিতে এক গ্যাংস্টারের জীবনের টানাপোড়েন নিয়ে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। শাকিব খান ছাড়াও সিনেমাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, দিব্যেন্দু ভট্টাচার্য, ইন্তেখাব দিনার, মাহমুদুল ইসলাম মিঠু, শরীফ সিরাজ, লোকনাথ দে, পিয়ান সরকার এবং মৃত্যুঞ্জয় ভট্টাচার্য প্রমুখ। এখন দেশের বাইরের দর্শকদের কাছে আপডেটেড ভার্সনের ‘প্রিন্স’ কতটা সাড়া ফেলতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর