প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মেগাস্টার শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘রকস্টার’। আগামী ২২ জুলাই রাত ১২টা থেকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন। ভিন্ন ধারার এই সিনেমাটি পরিচালনা করেছেন সময়ের প্রতিশ্রুতিশীল নির্মাতা আজমান রুশো।
সিনেমাটির ওটিটি মুক্তি প্রসঙ্গে পরিচালক আজমান রুশো অত্যন্ত আশাবাদ ব্যক্ত করে বলেন, সিনেমাটি প্রেক্ষাগৃহে এরই মধ্যে অনেক দর্শক দেখেছেন। এবার ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ-বিদেশের বিপুল সংখ্যক দর্শকের সিনেমাটি দেখার দারুণ সুযোগ তৈরি হবে। ওটিটিতে মুক্তির মাধ্যমে সিনেমাটি আরও অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছাবে, যা একজন নির্মাতা হিসেবে তার বড় পাওয়া।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি প্রেক্ষাগৃহ ও ওটিটির এই মেলবন্ধনকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি জানান, প্রেক্ষাগৃহ ও ওটিটির সমন্বিত প্রয়াস আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে এবং কনটেন্টকে সর্বোচ্চ সংখ্যক দর্শকের কাছে নিয়ে যেতে সাহায্য করছে। ভালো নির্মাণের সঙ্গে থাকার ধারাবাহিকতাতেই ‘রকস্টার’ সিনেমাটির সঙ্গে চরকির যুক্ত হওয়া। আর কিছুদিন পরেই দেশ-বিদেশের দর্শকরা সিনেমাটি ঘরে বসেই উপভোগ করতে পারবেন।
তারকাবহুল এই সিনেমায় শাকিব খানের পাশাপাশি মীরা চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুপার মডেল তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক, কয়েদি সংগীতশিল্পীর চরিত্রে পান্থ কানাই এবং উস্তাদ জুনায়েদ চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেতা তারিক আনাম খান। পাশাপাশি আগুনের মা শবনম চরিত্রে রোজী সিদ্দিকী, আগুনের দাদির চরিত্রে দিলারা জামান এবং আগুনের সহকারী ও বন্ধু আসলাম চরিত্রে অভিনয় করেছেন কাজী সাবির।
নুসরাত মাটির দারুণ চিত্রনাট্য এবং আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়ার সংলাপে নির্মিত এই সিনেমায় রয়েছে বেশ কিছু চমৎকার গান। সিনেমার সবকটি গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি, যিনি নিজেই গানগুলোতে কণ্ঠ দিয়েছেন। এছাড়া পুরো সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন জনপ্রিয় সংগীত পরিচালক জাহিদ নীরব। প্রেক্ষাগৃহের সাফল্যের পর ওটিটির পর্দায় শাকিব খানের এই ‘রকস্টার’ রূপ দর্শকদের কতটা মুগ্ধ করে, এখন সেটাই দেখার অপেক্ষা।