Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ মে ২০২৬ ১১:১৪

ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (২২ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত বলবৎ থাকা এই সতর্কবার্তায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পৃথক পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুরের মধ্যে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়া আকারে বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৯ শতাংশ। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্য সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে অস্ত যাবে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৩ মিনিটে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর