Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৬ ১৪:১৫

ঝোড়ো হাওয়া। ফাইল ছবি

ঢাকা: দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (২৫ জুন) আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই পূর্বাভাস দিয়েছেন।

তিনি বলেন, ‘আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ঝোড়ো হাওয়ার পাশাপাশি একই সময়ে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।’ উদ্ভূত পরিস্থিতির কারণে দেশের এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে আবহাওয়া অফিস আজ সকালের পূর্বাভাসে জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টিপাতের কারণে দেশের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না।

আজকের পূর্বাভাস অনুযায়ী সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে।

সারাবাংলা/এফএন/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর