Saturday 09 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাওড়ের কৃষকদের কাছে সহায়তা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মে ২০২৬ ২০:৪০ | আপডেট: ৭ মে ২০২৬ ২২:০৪

ঢাকা: সম্প্রতি ভারি বর্ষণে হাওড়াঞ্চলের জমির ফসল ডুবে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছে দ্রুত সহায়তা পৌঁছানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

সভায় প্রধানমন্ত্রী বলেছেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে নির্ভুল ও স্বচ্ছ তালিকা প্রস্তুত করতে হবে। এই তালিকার ভিত্তিতে আগামী ৩ মাস কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে দ্রুত তাদের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দিতে হবে।

বিজ্ঞাপন

সভায় বৃষ্টির কারণে কৃষকরা যাতে ক্ষতির মুখে না পড়েন, সেজন্য ধান রোপণ ও সংগ্রহের মৌসুম কিছুটা এগিয়ে আনার বিষয়েও আলোচনা হয়েছে।

২৯ এপ্রিল সংসদে প্রধানমন্ত্রী হাওড়াঞ্চলে ভারি বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে সরকারের পক্ষ থেকে ৩ মাস সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, কৃষি এবং মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আমিনুর রশীদ ইয়াছিন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, সংসদ সদস্য ওসমান ফারুক, ফজলুর রহমান, লুৎফুজ্জামান বাবর, কামরুজ্জামান কামরুল, নুরুল ইসলাম, কলিম উদ্দিন মিলন ও মোহাম্মদ কয়সর আহমদ অংশ নেন।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর