Saturday 09 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাপলার শহিদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মাননা দেওয়া হোক: মামুনুল হক

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মে ২০২৬ ২২:৪৬

মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

ঢাকা: শাপলা স্মৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত ‘শাপলার শহিদগাঁথা’ শীর্ষক স্মরণ ও মূল্যায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ‘শাপলা স্মৃতি প্রতিযোগিতা-২০২৬’- এর ৭ বিভাগে বিজয়ী ১১০ জন প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

‘তেরো থেকে শাপলা: শাহাদাতের সিলসিলা’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এসময় বক্তারা ২০১৩ সালের ৫ মে সংঘটিত শাপলা গণহত্যার বিচার, সত্য উদ্ঘাটন এবং শহিদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। তিনি তার বক্তব্যে বলেন, আমি আবারও স্পষ্ট করে বলতে চাই— এই শহিদরা শুধু কওমি মাদরাসার ছাত্র-শিক্ষক ছিলেন না। তাদের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছিলেন। বিএনপির কর্মী ছিলেন, জামায়াতে ইসলামীর কর্মী ছিলেন, জাতীয় পার্টির কর্মী ছিলেন, সাধারণ ধর্মপ্রাণ মানুষ ছিলেন। এটি ছিল প্রকৃত অর্থেই একটি সর্বজনীন আন্দোলন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও হেফাজতের পূর্ণাঙ্গ প্রতিনিধি দল নিয়ে গিয়েছিলাম। সেখানে আমরা স্পষ্টভাবে বলেছি—আমরা টাকা চাই না, অর্থ চাই না। আমরা চাই, রাষ্ট্র স্বীকার করুক যে, শাপলার শহিদরা বাংলাদেশের ইসলামী ও ধর্মীয় ঐতিহ্য রক্ষার জন্য অসামান্য ত্যাগ ও কোরবানি দিয়ে গেছেন। আমরা চাই শাপলার শহিদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মাননা দেওয়া হোক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আরও বক্তব্য দেন বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা মাহফুজুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মুহিউদ্দীন রব্বানী, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, মুন্সীগঞ্জ-৩ এর সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মাদারীপুর-১ এর সংসদ সদস্য মাওলানা সাইদ উদ্দীন আহমাদ হানজালা, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, নেজামে ইসলাম পার্টির নির্বাহী আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, শায়খ মুসা আল হাফিজ, সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি মুফতি রেজাউল করীম আবরার, ড. সরোয়ার হুসাইন, আসিফ মাহতাব উৎস, শাপলা স্মৃতি সংসদের নির্বাহী সভাপতি মাওলানা আবুল হাসানাত জালালী, সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হামিদী, সহ-সভাপতি মাওলানা এহসানুল হক এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর