ঢাকা: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১৪ মে তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বৃহস্পতিবার (৭ মে) ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এদিন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করে প্রসিকিউশন।
শুনানিতে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, শাপলা চত্বরের ঘটনার সময় ডা. দীপু মনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পক্ষে আন্তর্জাতিক পরিমণ্ডলে বক্তব্য দেন তিনি। একইসঙ্গে সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু একাত্তর টেলিভিশনের মাধ্যমে হেফাজতে ইসলামের সমাবেশ নিয়ে উসকানিমূলক প্রচারণা চালিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
শুনানি শেষে ট্রাইব্যুনাল তাদের হাজিরের নির্দেশ দেন এবং পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ মে দিন ধার্য করেন। এছাড়া মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৭ জুন নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে এ মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন ৬ আসামি। তারা হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক আইজিপি একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা শাহরিয়ার কবির এবং সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দায়ের করেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে তিনি এ অভিযোগ দায়ের করেন। মামলায় মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে।