কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ ও সেন্ট মার্টিনের কাছের এলাকায় পৃথক দু’টি অভিযানে বিদেশি মদ ও ভোগ্যপণ্যসহ মোট ১৩ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)।
বুধবার (৬ মে) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গত ৫ মে ভোর ৪টার দিকে সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপের উত্তর-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ড স্টেশন সেন্ট মার্টিন গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক বোটে তল্লাশি চালিয়ে আট বোতল বিদেশি মদসহ ১০ জন মাদক কারবারিকে আটক করা হয়।
অন্যদিকে, ৬ মে মধ্যরাত ১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী পৃথক আরেকটি অভিযান চালায়। এ সময় একটি বোট তল্লাশি করে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ১ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভোগ্যপণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৪০০ লিটার সয়াবিন তেল, ৪০০ কেজি পেঁয়াজ ও ৪৫০ কেজি ময়দা। একইসঙ্গে পাচারকাজে ব্যবহৃত বোটসহ তিনজন পাচারকারীকে আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে কোস্ট গার্ড।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদক পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।