Saturday 09 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকাসহ দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ মে ২০২৬ ১১:১১ | আপডেট: ৫ মে ২০২৬ ১৩:৩৮

ঢাকা: সারাদেশের আবহাওয়া পরিস্থিতিতে অস্থিরতা বিরাজ করছে। আবহাওয়া অধিদফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, রাজধানী ঢাকাসহ দেশের মোট আটটি বিভাগেই অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

মূলত পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময়ে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোনো কোনো অঞ্চলে মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বিজ্ঞাপন

রাজধানী ঢাকার বাতাসের গতিপ্রকৃতি সম্পর্কে জানানো হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা অস্থায়ীভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

এদিকে মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পৃথক সতর্কবার্তা জারি করা হয়েছে। টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর