Saturday 09 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে পদোন্নতি পেলেন মো. নজরুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মে ২০২৬ ২০:৫৮ | আপডেট: ৪ মে ২০২৬ ১০:২৮

মো. নজরুল ইসলাম – ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন মোঃ নজরুল ইসলাম। তার এ পদোন্নতি দেশের কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

পদোন্নতির পূর্বে তিনি বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস বিভাগে কর্মরত ছিলেন। সেখানে তিনি ২০২১ সালের অক্টোবর মাস থেকে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম এর আওতায় উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এই কর্মসূচি অর্থ মন্ত্রণালয়ের অধীন স্কিলস ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন অ্যান্ড মনিটরিং ইউনিট কর্তৃক পরিচালিত হচ্ছে, যা দেশে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকে তার কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে ক্রেডিট গ্যারান্টি বিভাগ, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ইন্সপেকশন বিভাগ এবং ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি বিভাগ। এসব বিভাগে কর্মরত অবস্থায় তিনি নীতি প্রণয়ন, আর্থিক তদারকি এবং ঝুঁকি ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

শিক্ষাগত জীবনে মো. নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক (B.Sc) ও স্নাতকোত্তর (M.Sc) ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (AIT) থেকে ব্যাংকিং ও ফাইন্যান্সে প্রফেশনাল মাস্টার্স ডিগ্রি লাভ করেন। পাশাপাশি জার্মানি থেকে সনদপ্রাপ্ত রিস্ক ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ (CERM) ডিগ্রিও অর্জন করেছেন।

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় জন্মগ্রহণকারী মোঃ নজরুল ইসলামের এই সাফল্যে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, তার দক্ষ নেতৃত্ব ও অভিজ্ঞতা বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করে তুলবে, বিশেষ করে এসএমই খাত ও উদ্যোক্তা উন্নয়নের ক্ষেত্রে।