Thursday 26 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় গরু বহনকারী ইঞ্জিনভ্যান খাদে পড়ে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৭ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০১

ইটভাটার কাছে এখানেই ঘটেছে দুর্ঘটনা।

সাতক্ষীরা: সাতক্ষীরা-খুলনা মহাসড়কে গরু বহনকারী একটি ইঞ্জিনভ্যান খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানার কুমিরার বালিগাদার মোড় সংলগ্ন একটি ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইঞ্জিনভ্যান চালকের নাম ইশার আলী (৬০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ইশার আলী, মো. মামুন হোসেন, মোতালেব হোসেন ও মো. আমিনুল ইসলাম তিনটি গরু বহনকারী এক ইঞ্জিনভ্যানে করে সাতক্ষীরার আবাদের হাট থেকে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া এলাকার উদ্দেশে রওনা দেন। যাত্রাপথে কুমিরার বালিগাদার মোড় এলাকায় পৌঁছালে ইঞ্জিনভ্যানটির পেছনের চাকা পাংচার হয় এবং চালক নিয়ন্ত্রণ হারান। ভ্যানটি তখন সড়কের পাশের খাদে পড়ে যায়।

বিজ্ঞাপন

এ সময় দুর্ঘটনাস্থলেই চালক ইশার আলীর মৃত্যু হয়। গুরুতরভাবে আহত হওয়া তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়। বাকি দুইজন এখনো চিকিৎসাধীন রয়েছেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. এইচ. এম. লূৎফল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাউটার রাখার সঠিক জায়গা
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৯

আরো

সম্পর্কিত খবর