আন্তর্জাতিক অঙ্গনে আরেকটি গৌরবময় সাফল্য যোগ করল বাংলাদেশের নারী হকি। ওমানে অনুষ্ঠিত এএইচএফ অনূর্ধ্ব-২০ নারী হকি কাপের ফাইনালে শক্তিশালী কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টজুড়েই অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
শনিবার রাতে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই আত্মবিশ্বাসী হকি খেলেছে বাংলাদেশ। আক্রমণ ও রক্ষণ—দুই বিভাগেই আধিপত্য ধরে রেখে কাজাখস্তানকে গোলের সুযোগ খুব কমই দিয়েছে দলটি। সুযোগ কাজে লাগিয়ে দুটি গোল করে নিশ্চিত করে শিরোপা।
বাংলাদেশের নারী হকির জন্য এই অর্জন বিশেষ তাৎপর্যপূর্ণ। দেশে নারী হকির যাত্রা খুব বেশি দিনের না হলেও অল্প সময়েই আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন খেলোয়াড়রা। এর আগে সিনিয়র নারী দল প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে এশিয়ান গেমস বাছাইয়ে রানার্সআপ হয়েছিল এবং নিজেদের যোগ্যতায় এশিয়ান গেমসে খেলার টিকিট নিশ্চিত করেছিল।
সিনিয়র দলের সেই সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশ হকি ফেডারেশন অনূর্ধ্ব-২০ দলকে এএইচএফ কাপে অংশ নেওয়ার সুযোগ করে দেয়। সেই আস্থার প্রতিদান দিয়েছে বাংলাদেশি তরুণীরা।
এই দলের বেশ কয়েকজন খেলোয়াড় ইতোমধ্যেই সিনিয়র জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। ফলে বয়সভিত্তিক ও সিনিয়র পর্যায়ের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি হয়েছে, যা ভবিষ্যতে বাংলাদেশের নারী হকির জন্য ইতিবাচক বার্তা বহন করছে।