Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৬ ১৯:৫২

লড়াইটা শেষ পর্যন্ত জমেছিল শেষ ওভার পর্যন্ত। দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য তখন প্রয়োজন মাত্র ৫ রান। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দায়িত্ব তুলে দেন দলের অন্যতম সেরা পেসার মারুফা আক্তারের হাতে। কিন্তু প্রথম বলেই বাউন্ডারি হাঁকান দক্ষিণ আফ্রিকার ব্যাটার। পরের বল থেকে এক রান নিয়ে চার্লি ট্রায়ন জয়ের সমীকরণ মিলিয়ে দিলে ৪ উইকেটের হারে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের।

লর্ডসে অনুষ্ঠিত গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে। জবাবে ১৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

বিজ্ঞাপন

ছোট লক্ষ্য নিয়েও শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে বাংলাদেশের বোলাররা। ইনিংসের প্রথম বলেই মারুফা আক্তারের দুর্দান্ত টার্ন বলে বোল্ড হয়ে ফেরেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ম্যাচে ছিলেন টাইগ্রেসরা।

তবে তাজমিন ব্রিটস ও আনেরিন ড্রেকসন ধৈর্য ধরে ইনিংস এগিয়ে নেন। ব্রিটস ২৪ বলে ২০ রান করেন, আর ড্রেকসন ৪৫ বলে ৪৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শেষদিকে নাদান ডে ক্লার্ক ১৪ বলে ১৫ এবং চার্লি ট্রায়ন ৫ বলে অপরাজিত ৮ রান করে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন।

বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ছিলেন সবচেয়ে সফল বোলার। তিনি ২৪ রান দিয়ে ২টি উইকেট নেন। এছাড়া মারুফা আক্তার, রিতু মণি ও সানজিদা আক্তার মেঘলা একটি করে উইকেট শিকার করেন।

এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই মারিজানে কাপের দুর্দান্ত ইয়র্কারে বোল্ড হয়ে ফেরেন জুয়াইরিয়া ফেরদৌস। আরেক ওপেনার তাজনেহার ইসলামও মাত্র ১ রান করে আউট হন।

দ্রুত দুই উইকেট হারানোর পর ইনিংস মেরামতের দায়িত্ব নেন সুবহানা মোস্তারি ও শারমিন আক্তার। দুজন মিলে জুটি গড়লেও রান তোলার গতি ছিল ধীর। শারমিন ২৯ বলে ২২ রান করেন, আর সুবহানা মোস্তারি ৪৮ বলে দলের সর্বোচ্চ ৪২ রান করে আউট হন।

শেষদিকে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দারুণ এক ক্যামিও ইনিংস খেলেন। মাত্র ২০ বলে ৩২ রান করে বাংলাদেশের স্কোর লড়াই করার মতো অবস্থানে নিয়ে যান তিনি। তবে শেষ পর্যন্ত ১১৭ রানের পুঁজি জয় এনে দেওয়ার জন্য যথেষ্ট হয়নি। এই হারের ফলে গ্রুপ পর্ব থেকেই শেষ হয়ে গেল বাংলাদেশের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর