Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিম্বাবুয়েতে বাংলাদেশের ব্যাটিং ধস

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৬ ১৯:৩৩

পেস বোলিং ডিপার্টমেন্টের কল্যাণে সম্প্রতি বাংলাদেশ নিয়মিত ম্যাচ জিতছে বটে তবে ব্যাটিং ব্যর্থতা চোখে পরেছে বারবার। জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে সেই ব্যর্থতা বাংলাদেশকে লজ্জাতেই ফেলে দিলো! হারারে টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেছে মাত্র ১৪০ রানে!

একটা সময় ২ উইকেটে ১১৩ রান তুলে স্বস্তিতে থাকা টাইগাররা শেষ পর্যন্ত মাত্র ২৭ রানের ব্যবধানে হারায় বাকি ৮টি উইকেট। পুরো ইনিংস স্থায়ী হয় ৪৭.২ ওভার।

বাংলাদেশের হয়ে একমাত্র লড়াই করেন মুমিনুল হক। ৮১ বলে ৬০ রানের দায়িত্বশীল ইনিংস খেললেও অন্য প্রান্ত থেকে উল্লেখযোগ্য কোনো সমর্থন পাননি অভিজ্ঞ মুমিনুল। জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে সফল বোলার নিউম্যান নিয়ামহুরি, একাই নিয়েছেন ৪টি উইকেট।

বিজ্ঞাপন

টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিক জিম্বাবুয়ে। শুরুটা ভালো হয়নি টাইগারদের। দলীয় ৬ রানেই ফিরে যান ওপেনার মাহমুদুল হাসান জয়। ১৭ বলে মাত্র ২ রান করেন তিনি। এরপর সাদমান ইসলাম ও মুমিনুল হক ৩০ রানের জুটি গড়ে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৩৬ রানে ২০ রান করে বিদায় নেন সাদমান।

এরপর মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মিলে গড়েন ইনিংসের সবচেয়ে বড় ৭৭ রানের জুটি। এই জুটিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। কিন্তু দলীয় ১১৩ রানে ভাঙে সেই জুটি। ৮১ বলে ৬০ রান করে নিউম্যান নিয়ামহুরির শিকার হন মুমিনুল। কিছুক্ষণ পর ৭৩ বলে ১৯ রান করে আউট হন শান্তও।

এই দুই উইকেটের পরই শুরু হয় বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়। বাংলাদেশের ইনিংসে রীতিমতো মড়ক লাগে! অভিজ্ঞ মুশফিকুর রহিম রিচার্ড এনগারাভার বলে বোল্ড হওয়ার আগে মাত্র ৯ রান করেন। অভিষেক টেস্ট খেলতে নামা তাওহিদ হৃদয়ও সুযোগ কাজে লাগাতে পারেননি। ১৬ বলে ৩ রান করে ফেরেন। আরেক অভিষিক্ত অমিত হাসান করেন ১৫ বলে ৪ রান। তাইজুল ইসলাম ৯ রান করলেও টেলএন্ডার হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও ইবাদত হোসেন কেউই রানের খাতা খুলতে পারেননি।

ফলে ২ উইকেটে ১১৩ রান থেকে মুহূর্তেই ১৪০ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। মাত্র ২৭ রানে শেষ ৮ উইকেট হারানো বাংলাদেশকে ম্যাচ ফিরতে হলে এখন বোলারদের দুর্দান্ত কিছু করতেই হবে।