Tuesday 23 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরুর একাদশে থাকবেন তো রোনালদো!

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৬ ১৬:৫৮ | আপডেট: ২৩ জুন ২০২৬ ১৬:৫৯

বিশ্বকাপের গ্রুপ পর্বে পর্তুগালের সামনে এখন গুরুত্বপূর্ণ এক পরীক্ষা। উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখার লড়াই। তবে ম্যাচের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রতিপক্ষ নয়, বরং অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।

৪১ বছর বয়সী এই তারকা ফুটবলার প্রথম ম্যাচে কঙ্গোর বিপক্ষে প্রত্যাশা পূরণ করতে পারেননি। ১-১ গোলে ড্র হওয়া সেই ম্যাচে গোলশূন্য ছিলেন রোনালদো। শুধু তাই নয়, পুরো ম্যাচে বলে পা লাগাতে পেরেছেন মাত্র ২৫ বার! অনেকেই প্রশ্ন তুলেছেন, বর্তমান পর্তুগাল দলে রোনালদো কি এখনও শুরুর একাদশে থাকার মতো প্রভাব রাখতে পারছেন?

এই পরিস্থিতিতে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে রোনালদো প্রথম একাদশে থাকবেন কি না, সেটিই এখন বড় আলোচনা। তবে সেই প্রশ্নের সরাসরি উত্তর দিতে চাননি পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ।

বিজ্ঞাপন

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি আমার খেলোয়াড়দের এখনো একাদশ জানাইনি, তাই আপনাদেরও বলতে পারছি না।’

তবে রোনালদোর প্রতি আস্থা হারাননি পর্তুগাল কোচ। তার মতে, দলের জন্য জায়গা তৈরি করা, প্রতিপক্ষের রক্ষণ ভাঙা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে রোনালদো এখনও অনন্য। মার্তিনেজ তাকে ‘দলের জন্য রোল মডেল’ বলেও উল্লেখ করেছেন।

অন্যদিকে পর্তুগালের জন্য ম্যাচটি জয়ের বিকল্প নেই বললেই চলে। প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর পর গ্রুপ থেকে নকআউটে যেতে হলে উজবেকিস্তানের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে প্রতিপক্ষও সহজ নয়। বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া উজবেকিস্তান নিজেদের ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে।

উজবেকিস্তানের কোচ ফ্যাবিও ক্যানাভারোও পর্তুগালকে নিয়ে যথেষ্ট সতর্ক। তার মতে, শুধু রোনালদোকে আটকে রাখলেই দায়িত্ব শেষ হবে না। কারণ পর্তুগাল দলে এমন অনেক খেলোয়াড় রয়েছেন, যারা এক মুহূর্তেই ম্যাচের চিত্র বদলে দিতে পারেন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর