Saturday 13 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরাজকে নিয়ে অনিশ্চয়তা, তৃতীয় ওয়ানডের দলে মেহেদী

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৬ ১৮:৩৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের আগে বাংলাদেশ দলে যুক্ত করা হয়েছে অফস্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে। বিসিবি আনুষ্ঠানিকভাবে শেখ মেহেদীর অন্তর্ভুক্তির কারণ ব্যাখ্যা করেনি, তবে বিষয়টা অনুমেয় যে, অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ফিটনেস অনিশ্চয়তার কারণেই তাকে দলে নেওয়া হয়েছে।

শনিবার (১৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিসের একটি বাউন্সার সরাসরি মিরাজের হেলমেটে আঘাত হানে। আঘাত পাওয়ার পর প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি ব্যাটিং চালিয়ে যান এবং তাওহীদ হৃদয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে ঐতিহাসিক জয়ের পথে এগিয়ে নেন।

বিজ্ঞাপন

তবে ম্যাচ শেষে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিভিন্ন ধরনের মেডিকেল পরীক্ষা ও স্ক্যান করা হলে রিপোর্টে কোনো জটিলতা ধরা পড়েনি। শুক্রবার হাসপাতাল থেকে বাসায় ফিরলেও শনিবার দলের অনুশীলনে অংশ নেননি বাংলাদেশ অধিনায়ক।

মিরাজের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে ব্যাটার সৌম্য সরকার বলেন, ‘মিরাজ দলের সঙ্গে আছে। চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। ম্যাচের আগ পর্যন্ত সময় আছে। সে ভালো আছে এবং দলের সঙ্গেই রয়েছে।’

বিসিবিও জানিয়েছে, মিরাজের অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে ম্যাচের দিন আরও একবার ফিটনেস মূল্যায়নের পর তার খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এখন তাদের সামনে রয়েছে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার সুযোগ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শেখ মেহেদীর অন্তর্ভুক্তি স্পিন বিভাগে দলকে অতিরিক্ত বিকল্প এনে দিয়েছে।

৩১ বছর বয়সী শেখ মেহেদী জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ওয়ানডে সংস্করণে সর্বশেষ খেলেছিলেন ২০২৩ সালের বিশ্বকাপে।

তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা এবং শেখ মেহেদী হাসান।

সারাবাংলা/এসএইচএস