Saturday 13 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাঈম হাসানকে ‘পুলিশের হেনস্তা’: ক্রিকেটাঙ্গনে প্রতিবাদের ঝড়

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৬ ১৩:৪০ | আপডেট: ১৩ জুন ২০২৬ ১৩:৪৩

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে রাস্তায় গড়ি থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন খোদ নাঈম হাসান। গতরাতের এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদের ঝড় উঠেছে ক্রিকেটাঙ্গনে।

নাঈমকে হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেটারদের সংগঠন কোয়াব। প্রতিবাদ জানিয়েছেন মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদের মতো জাতীয় দলের ক্রিকেটাররাও।

জানা যায়, ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে শুক্রবার চট্টগ্রাম বাড়িতে ফিরে যাচ্ছিলেন নাঈম। বাসায় ফেরার পথে পুলিশের সদস্যরা তার গাড়ি থামিকে তাকে নামিয়ে হেনস্তা করে। গলা টিপে ধরা হয়েছে, পেটানো হয়েছে বলে থানায় গিয়ে অভিযোগ করেছেন নাঈম।

বিজ্ঞাপন

এমন ঘটনার প্রতিবাদ জানিয়ে মুশফিকুর রহিম ফেসবুকে লিখেছেন, ‘নাঈমের সঙ্গে যা ঘটেছে, তা একেবারেই অগ্রহণযোগ্য। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। যা ঘটেছে, তা আমাকে ব্যথিত ও লজ্জিত করেছে। একজন নাগরিক হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানাই। নাঈম, আমরা তোমার পাশে আছি।’

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস লিখেছেন, ‘মাথা উঁচু রাখো নাঈম। তুমি একজন চমৎকার মানুষ। নাঈম হাসানের সাথে যা ঘটেছে, তা অত্যন্ত উদ্বেগজনক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তাকে এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে দেখাটা হৃদয়বিদারক। একজন সহকর্মী এবং সতীর্থ হিসেবে এই ঘটনায় আমি সত্যিই মর্মাহত।’

তারকা পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানের সাথে পুলিশের এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’

এদিকে, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যেই চট্টগ্রামের খুলশী থানার এক উপপরিদর্শকসহ (এসআই) তিন পুরিশকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর