Friday 05 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন টেইট, নতুন কোচ তালহা জুবায়ের

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৬ ১৯:১৬ | আপডেট: ৫ জুন ২০২৬ ১০:০০

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক গতিতারকা শন টেইট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে। পরে অন্তবর্তীকালীন কোচের নামও ঘোষণা করেছে বিসিবি।

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাবেক পেসার তালহা জুবায়ের।

টেইটের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তবে পরিবারিক কারণে আগেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন। বিসিবি জানিয়েছে, দুই পক্ষের পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই চুক্তির মেয়াদ সংক্ষিপ্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

গত কয়েকদিন ধরে ভারতের পশ্চিমবঙ্গের বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের বোলিং কোচ হিসেবে টেইটের যোগ দেওয়ার গুঞ্জন চলছিল। এর মধ্যেই বিসিবির আনুষ্ঠানিক ঘোষণায় বাংলাদেশ দলের সঙ্গে তাঁর অধ্যায়ের সমাপ্তি ঘটল।

পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়ার পর টেইট বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করা, প্রতিভাবান ও নিবেদিতপ্রাণ খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের একটি দলের অংশ হতে পারা আমার জন্য বিশেষ সম্মানের ছিল। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, এবং পুরো আলোচনা প্রক্রিয়ায় বিসিবি যে বোঝাপড়া ও সমর্থন দেখিয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। পেস বোলাররা যা অর্জন করেছে, তা নিয়ে আমি গর্বিত এবং আমি বিশ্বাস করি তাদের সামনে অত্যন্ত সম্ভাবনাময় ভবিষ্যৎ অপেক্ষা করছে। দলের আগামী পথচলার জন্য আমি সর্বাত্মক সাফল্য কামনা করি।’

২০২৫ সালের মে মাসে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার আন্দ্রে অ্যাডামসের স্থলাভিষিক্ত হয়ে বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব গ্রহণ করেন টেইট। দায়িত্ব গ্রহণের পর জাতীয় দলের পেস আক্রমণে উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়। তরুণ ও অভিজ্ঞ পেসারদের দক্ষতা উন্নয়নে তাঁর অবদান প্রশংসিত হয়েছে ক্রিকেট মহলে।

এদিকে, তলহা জুবায়েরকে শুধুমাত্র অস্ট্রেলিয়া সিরিজের জন্যই বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে। বিসিবির দ্রুত সময়ের মধ্যে নতুন হাইপ্রোফাইল কোচ খুঁজবে এমনটা বলা হচ্ছে।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর