Wednesday 03 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৬ ১৮:৪০ | আপডেট: ৩ জুন ২০২৬ ২১:৪৮

টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে টানা দুই বার সাফজয়ী বাংলাদেশ।

সেমিফাইনালে বাংলাদেশের হয়ে দুটি গোল করেছেন ঋতুপর্ণা চাকমা ও সাগরিকা। নেপালকে হারিয়েই আগের দুইবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার ফাইনলের মিশনের আবারও সেই নেপাল বধ।

ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। ম্যাচের শুরুতে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশকে অনেকটা ছন্নছাড়া লেগেছে। ২৩ মিনিটে গোল হজম করে বাংলাদেশ। দীপা শাহির কর্নার কিক থেকে বল বাংলাদেশের জালে ঠেলে দেন গীতা রানি।

বিজ্ঞাপন

৩৬ মিনিটে আরও এক গোল হজম করতে যাচ্ছিল বাংলাদেশ। প্রীতি রাজের দূরপাল্লার শট গোলপোস্টে লাগলে বেচে যায় বাংলাদেশ। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ম্যাচে ফিরে বাংলাদেশ। প্রথমার্ধের শেষভাগটা ছিল বাংলাদেশের। বেশ কয়েকটি গোছালো আক্রমণ চালায় লাল-সবুজের প্রতিনিধিরা। এর মধ্যেই সবাইকে চমকে দিয়ে গোল এনে দেন ঋতুপর্ণা চাকমা।

কর্ণার কিক নিতে গিয়ে অসাধারণ এক শটে বল সরাসরি জালে জড়িয়ে দেন ঋতুপর্ণা। তার অলিম্পিক গোলে ১-১ ব্যবধানের সমতা নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যেতে পারত নেপাল। নেপালি ফরোয়ার্ড রেখার শট বাংলাদেশি গোলরক্ষককে ফাঁকি দিয়ে যায়। কিন্তু বল জালে না জড়িয়ে গোলপোস্টে গিয়ে লেগে যায়।

৭৮ মিনিটে গোলের সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। কিন্তু সাগরিকার দারুণ এক শট দারুণ দৃঢ়তায় ঠেকিয়ে দেন নেপালের গোলকিপার। নির্ধারিত সময়ের খেলা শেষে অতিরিক্ত সময়ে গিয়ে কাঙ্খিত গোল এনে দেন সামসুন্নাহার আর সাগরিকার যুগলবন্দি পারফরম্যান্স। ডান দিক থেকে ডুকে সাগরিকার দিকে বল বাড়ান সামসুন্নাহার জুনিয়র। জটলার মধ্যে বল পেয়ে জালে জড়িয়ে দেন সাগরিকা। ২-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এই গোলই শেষ পর্যন্ত ফাইনালে তুলেছে লাল-সবুজের প্রতিনিধিদের।

বাংলাদেশ একাদশ:

মিলি আক্তার, আফঈদা খন্দকার, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মমিতা খাতুন (মনিকা চাকমা, ৪৬ মিনিট), মারিয়া মান্দা (অধিনায়ক), আনিকা রানিয়া সিদ্দিকী (সাগরিকা), উমেহলা মারমা (তহুরা খাতুন, ৪০ মিনিট), সুরভী আকন্দ প্রীতি (শামসুন্নাহার জুনিয়র, ৪০ মিনিট), সুরভী আক্তার আরফিন ও ঋতুপর্ণা চাকমা।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর