দুই মৌসুম বিরতির পর আবার মাঠে ফিরছে শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। আগামী ১৭ জুলাই থেকে শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত চলবে এবারের আসর। নতুন মৌসুমে বাংলাদেশের পাঁচ ক্রিকেটার অংশ নিতে যাচ্ছেন।
এবারের এলপিএলে খেলবেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান, পেসার তাসকিন আহমেদ, উইকেটকিপার-ব্যাটার লিটন দাস, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং তরুণ পেসার হাসান মাহমুদ।
এবারের এলপিএল ড্রাফটকে ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ছিল বেশ। ড্রাফটের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ৩২ জন ক্রিকেটারের নাম থাকলেও শেষ পর্যন্ত দল পেয়েছেন মাত্র পাঁচজন। এর মধ্যে মিরাজ ও হাসান মাহমুদ দল পেয়েছেন ড্রাফট থেকে, আর সাকিব, তাসকিন ও লিটন ড্রাফটের আগেই সরাসরি চুক্তির মাধ্যমে নিজেদের দল নিশ্চিত করেছিলেন।
টুর্নামেন্টের সবচেয়ে সফল দল জাফনা কিংসের হয়ে খেলবেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। এলপিএলের ইতিহাসে পাঁচ আসরের মধ্যে চারবার শিরোপা জিতেছে দলটি।
সাকিব এর আগে ২০২৩ মৌসুমে গল টাইটানসের হয়ে খেলেছিলেন। সেই আসরে ১০ ম্যাচে ১৩৮ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ১১ উইকেট। অন্যদিকে তাসকিন আহমেদ ২০২৪ মৌসুমে কলম্বোর হয়ে তিন ম্যাচে চার উইকেট শিকার করেছিলেন। এবার তারা দুজনই জাফনার জার্সিতে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায়।
গল টাইটানস দলে জায়গা পেয়েছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। লিটনের জন্য এটি দ্বিতীয়বারের মতো গলের হয়ে খেলার সুযোগ। ২০২৩ সালে একই দলের হয়ে তিন ম্যাচে ৩৪ রান করেছিলেন। তবে মিরাজের জন্য এটি হবে এলপিএলে অভিষেক মৌসুম। জাতীয় দলের নিয়মিত এই অলরাউন্ডার প্রথমবারের মতো শ্রীলঙ্কার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ পাচ্ছেন।
অন্যদিকে কলম্বো ক্যাপসের হয়ে খেলবেন পেসার হাসান মাহমুদ। বাংলাদেশের এই তরুণ ফাস্ট বোলারের এটিই বিদেশি কোনো লিগে খেলার প্রথম সুযোগ। এবারের এলপিএলে স্থানীয় ক্রিকেটারদের বিকাশে বিশেষ উদ্যোগ হিসেবে প্রতিটি দলকে একাদশে অন্তত একজন শ্রীলঙ্কান অনূর্ধ্ব-২৩ ক্রিকেটার খেলানো বাধ্যতামূলক করা হয়েছে।