Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের আগে মেসির চোট

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৬ ১২:৫৩

ফিফা বিশ্বকাপ শুরুর ঠিক আগে আর্জেন্টিনা শিবিরে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির হয়ে শেষ ম্যাচ খেলতে নেমে চোটের আশঙ্কা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টাইন অধিনায়ককে। যদিও তাঁর দল ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে নাটকীয় ম্যাচে ৬–৪ গোলের জয় পেয়েছে, আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন মেসির শারীরিক অবস্থা।

ম্যাচের ৭৩ মিনিটে বাঁ ঊরুর পেছনের অংশে অস্বস্তি অনুভব করেন মেসি। এর কিছুক্ষণ আগেই একটি ফ্রি–কিক নেওয়ার পর তাঁকে ওই জায়গায় হাত দিতে দেখা যায়। পরে নিজেই বদলির আবেদন করেন তিনি। তাঁর পরিবর্তে মাঠে নামেন মাতেও সিলভেত্তি। মাঠ ছাড়ার পর বেঞ্চে না বসে সরাসরি ড্রেসিংরুমে চলে যান মেসি, যা উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। তবে স্বস্তির বিষয় হলো মাঠ ছাড়ার সময় কিংবা ড্রেসিংরুমে যাওয়ার পথে অতিরিক্ত কোনো সহায়তা প্রয়োজন হয়নি মেসির।

বিজ্ঞাপন

মাঠের খেলা ছিল রোমাঞ্চে ভরপুর। খেলা শুরুর মাত্র ৯ মিনিটের মধ্যে দুই গোল করে এগিয়ে যায় ফিলাডেলফিয়া ইউনিয়ন। এরপর মেসির বাড়ানো বলে ফাঁকা জালে বল পাঠিয়ে ব্যবধান কমান গেরমান বেরটেরামে। ১৯ মিনিটে আবার গোল করে ফিলাডেলফিয়া ব্যবধান বাড়ালেও হাল ছাড়েনি ইন্টার মায়ামি।

৩–১ ব্যবধানে পিছিয়ে থাকা দলকে ম্যাচে ফেরাতে বড় ভূমিকা রাখেন মেসি। তাঁর দুটি নিখুঁত পাস থেকে গোল করেন বেরটেরামে ও লুইস সুয়ারেজ। প্রথমার্ধেই জোড়া গোল করেন সুয়ারেজও। তবে বিরতির আগে হ্যাটট্রিক পূর্ণ করে ফিলাডেলফিয়াকে ৪–৪ সমতায় ফেরান মিলান ইওস্কি। এমএলএস ইতিহাসে প্রথমবার কোনো ম্যাচের প্রথমার্ধে ৮ গোল হওয়ার রেকর্ডও গড়ে এদিন।

দ্বিতীয়ার্ধে প্রবল বৃষ্টির কারণে খেলার গতি কিছুটা কমে আসে। এর মধ্যেই মাঠ ছাড়েন মেসি। কিন্তু তাঁর অনুপস্থিতিতেও দাপট ধরে রাখে ইন্টার মায়ামি। ৮০ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন লুইস সুয়ারেজ। আর শেষ মুহূর্তে গোল করে মায়ামির ৬–৪ ব্যবধান নিশ্চিত করেন রদ্রিগো দি পল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইন্টার মায়ামির কোচ গিলের্মো হয়োস বলেন, মেসির অস্বস্তির কারণ সম্ভবত অতিরিক্ত ক্লান্তি।

তিনি বলেন, ‘এ মুহূর্তে আমাদের হাতে কোনো মেডিক্যাল রিপোর্ট নেই। তবে যতটুকু বুঝতে পারছি, ও খুব ক্লান্ত ছিল। মাঠও বেশ ভারী ছিল। এমন পরিস্থিতিতে সামান্য সন্দেহ থাকলেও ঝুঁকি নেওয়া হয় না।’

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মাঠ ছেড়েছিলেন মেসি। বড় ধরনের চোট এড়াতেই তিনি নিজেই বদলির সিদ্ধান্ত নেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর